খিলগাঁওয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় আজ সোমবার দুপুরে রিকশার সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির কাছে থাকা অফিসের পরিচয়পত্র থেকে জানা যায়, তাঁর নাম মো. শরিফুল (৩৫)। তিনি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) কর্মরত ছিলেন। তাঁর বাসা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ সংবাদদাতা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের মোটরসাইকেলের। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে সেখান থেকে উদ্ধার করে কয়েকজন স্কুলশিক্ষার্থীর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিক। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটা ১০ মিনিটে শরিফুলের মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে এসআই রফিক প্রথম আলোকে জানান, ঘটনার পরপরই রিকশাচালক পালিয়ে গেছেন।