খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে সাততলা একটি ভবন থেকে পড়ে রিয়াজ উদ্দিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ খিলগাঁওয়ের একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাবা মালয়েশিয়াপ্রবাসী মো. সালামত। রিয়াজ তাঁর মা দীপালী আক্তারের সঙ্গে ওই এলাকার একটি বাড়িতে থাকত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রিয়াজের নানা সুরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উঁচু থেকে মাটিতে একটা কিছু পড়ার শব্দ শুনে তিনি ও আশপাশের লোকজন ভবনটির সামনে ছুটে যান। তাঁরা দেখেন, সামনের ফাঁকা রাস্তায় রিয়াজ পড়ে আছে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে বনশ্রী এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রিয়াজ মারা যায়। তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রয়েছে।