খিলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে ছেলেকে হত্যা ও বাবাকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা উদ্ধারের দাবি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। ডিবির ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ছিনতাই চক্রের সদস্য। খিলগাঁওয়ের ঘটনায় তিনি জড়িত।

গত বৃহস্পতিবার রাতে শান্তিপুরে নিজ বাসার কাছে ছিনতাইকারীরা ইসরাইল হোসেন ও তাঁর ছেলে শরিফ হোসেনকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে শরিফ হাসপাতালে মারা যান।

মামলার তদন্তসংশ্লিষ্ট (ডিবি) উপকমিশনার (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ছেলেকে হত্যা ও বাবাকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয় সদস্যের যে চক্রটি ইতিমধ্যে শনাক্ত হয়েছে, সিরাজুল তাঁদের একজন। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত শনিবার রাতে শরিফ হোসেনের মরদেহ ঢাকার নবাবগঞ্জের সুজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর বাবা ইসরাইল হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।