খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, দুজন আহত
ঢাকার খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণে মাহমুদ আক্তার (৩০) ও মো. মাসুদ (৩৮) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তাঁদের বাসা খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে। আজ রাতে দুই পক্ষের সংঘর্ষে একটি পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটালে ওই দুজন গুরুতর আহত হন।
যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাস্তায় ট্রাক ঘোরানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। তবে ঘটনাস্থল এলাকাটি সবুজবাগ থানার অধীনে। সবুজবাগ থানার পুলিশের সঙ্গে খিলগাঁও থানার পুলিশও ঘটনাস্থল এবং হাসপাতালে আছে।
যোগাযোগ করা হলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া জানান, ‘আমি এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। পুলিশ পাঠিয়েছি।’