খিলগাঁওয়ে গুলি করে বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ার একটি বাসা থেকে গতকাল বুধবার রাতে একদল ডাকাত নগদ টাকা ও অলংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা ওই বাসার রাশিদুল হক (২৮) নামে এক যুবককে গুলি করে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে সাতটার দিকে পাঁচজন ডাকাত ভূঁইয়াপাড়ার ২৩৬/৮ নূরানি মসজিদ রোডের বাসিন্দা কাজী মোজাম্মেল হকের তৃতীয় তলার বাসার কলিং বাজায়। এ সময় ভেতর থেকে গৃহকর্মী দরজা খুলে দিলে ডাকাতেরা ঢুকে পড়ে। তারা অস্ত্র দেখিয়ে বাসার সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাসায় কোনো পুরুষ ছিল না। একপর্যায়ে ডাকাতেরা স্টিলের আলমারি থেকে আড়াই লাখ টাকা, ৪০ ভরি সোনার অলংকার, কয়েকটি মুঠোফোনসহ ১৫ লাখ টাকার মালামাল নেয়। এরই মধ্যে কাজী মোজাম্মেলের ছেলে স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ঢোকেন। তিনি ডাকাতদের দেখে চিৎকার দিলে তারা তাঁকে লক্ষ্য গুলি ছুড়ে পালিয়ে যায়। রাশেদুলের শরীরে দুটি গুলি লাগে। ঘটনার পর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন প্রথম আলোকে বলেন, পাঁচতলা বাড়ির মালিক কাজী মোজাম্মেল হক। তিনি তৃতীয় তলায় থাকলেও অন্য সব তলাগুলো ভাড়া দেওয়া হয়েছে। মোজাম্মেলের বাসার লোকজন মসজিদে এশার নামাজ পড়তে যান। বাসায় ছিলেন নারীরা। বাড়ির কলাপসিবল গেট খোলা থাকার সুযোগে ডাকাতেরা সরাসরি মোজাম্মেলের ফ্ল্যাটে কলিংবেল বাজায়। ওসি জানান, এ ব্যাপারে কাজী মোজাম্মেলের বড় ছেলে কাজী মাহমুদুল হক বাদী হয়ে ডাকাতির মামলা করেছে। ডাকাতি হওয়া টাকা, অলংকার উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।