খিলগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, দুজন আহত
রাজধানীর খিলগাঁও রেল ক্রসিংয়ে গতকাল শুক্রবার দুপুরে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে দুজন আহত হয়েছেন। এতে ওই পথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নেত্রকোনা-ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে মহুয়া এক্সপ্রেস ট্রেনের লাইনে হঠাৎ একটি শান্টিং ইঞ্জিন (লাইন পরিবর্তন করার কাজে ব্যবহূত) চলে আসে। মহুয়া এক্সপ্রেস সজোরে ব্রেক কষলেও ইঞ্জিনটির সঙ্গে মৃদু সংঘর্ষ হয় এবং ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই যাত্রী আবদুল লতিফ (৩৫) ও লাকী আক্তার (২১) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দেড়টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে কমলাপুরে নিয়ে যাওয়ার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ট্রেন ও ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি।বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) টি এ চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রেন ও ইঞ্জিন মুখোমুখি হলেও শেষ পর্যন্ত সংঘর্ষ হয়নি। ট্রেন ও ইঞ্জিনটি একই লাইনে অবস্থান করায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সজোরে ব্রেক কষে। তাই ট্রেনের দুজন যাত্রী আহত হন। আর কোনো বড় ক্ষতি হয়নি।রেলওয়ের কর্মকর্তারা জানান, কমলাপুর অভিমুখী মহুয়ার যাওয়ার সংকেত ছিল (সিগন্যাল ক্লিয়ার)। কিন্তু শান্টিং ইঞ্জিনটি হঠাৎ মহুয়ার (আপ) লাইনে ঢুকে যায়। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।