খিলগাঁওয়ে তরুণীকে হত্যার অভিযোগ
খিলগাঁওয়ের তালতলায় কুলসুম বেগম (১৯) নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বৃহস্পতিবার তালতলার রিয়াজবাগের একটি এমব্রয়ডারি কারখানা থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুলসুমের বাবা মো. আমিরুল হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁরা তালতলার রিয়াজবাগে থাকেন। কুলসুম রিয়াজবাগে একটি এমব্রয়ডারি (কাপড়ে নকশা করা) কারখানায় কাজ করতেন। গতকাল ওই কারখানার কেউ ফোন করে কুলসুমকে বাসা থেকে ডেকে নেন। পরে দুপুরে সেখানকার এক কর্মী ফোন করে তাঁকে (বাবা) কারখানায় যেতে বলেন। তিনি সেখানে গিয়ে তাঁর মেয়েকে কারখানার একটি টিনের ছাউনির ঘরের এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন। এ সময় কারখানার অন্য কর্মী বলেন, কুলসুম গলায় ফাঁস দিয়েছেন। পরে বেলা তিনটার দিকে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, কুলসুমকে মৃত অবস্থায় আনা হয়েছে।
আমিরুলের অভিযোগ, কুলসুমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রাতে যোগাযোগ করা হলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: গতকাল বৃহস্পতিবার দুপুরে বনশ্রীর ২ নম্বর সড়কের একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলু শিকদার নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন।
প্রতিবেশীরা জানান, বাড়ির ফোয়ারায় বিদ্যুৎ সংযোগ তার মেরামত করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।