রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় গতকাল রোববার ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় তরুণদের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষে তিনজন ছুরিকাহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবদমান দুটি দল বিকেলে আবারও ঢাকা মেডিকেলের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নন্দীপাড়া মাঠে স্থানীয় তরুণেরা ক্রিকেট খেলছিল। একপর্যায়ে ক্রিকেট বল পাশের বস্তির মানিকের ঘরে গিয়ে পড়ে। এ সময় তরুণেরা ওই বল আনতে গেলে মানিক দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে খুদে খেলোয়াড়দের সঙ্গে বস্তিবাসীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই লাঠিসোঁটা ও ছুরি ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের বাবু (২০), বাবুল মিয়া (২৮) ও পলাশ (২০) ছুরিকাহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার পর ওই দুটি দল আবারও হাসপাতালের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত খিলগাঁও থানার পুলিশ আলকাস বেগম (৪৫), আবুল মিয়া, বাবুল হোসেন, বাদশা, তৌফিক ও অঞ্জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, এই ঘটনায় দুই পক্ষই মামলা করবে।