খিলগাঁওয়ে বাস খাদে পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় গতকাল সোমবার রাতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, খিলগাঁও এলাকায় আমুলিয়া-বনশ্রী সড়কের নাড্ডার পার এক নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। সেতুতে উঠতে গিয়ে স্বাধীন পরিবহন নামের বাসটি ৩০ থেকে ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। বাসে কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বলেন, নিচে পড়ে বাসটি উল্টে গেছে। যেখানে বাসটি পড়েছে, সেখানে হাঁটুপানি ও কাদা আছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা জানতে পুলিশ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছে।