খিলগাঁওয়ে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে গতকাল শনিবার রাতে লাল মিয়া (২২) নামের এক যুবক খুন হয়েছেন। লাল মিয়া একটি সিগারেট কোম্পানির গাড়িচালক ছিলেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে লাল মিয়াকে তাঁর দুই বন্ধু রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালমিয়ার বুকে, পিঠে এবং ডান ও বাঁ পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জাকির হোসেন নামের তাঁর এক বন্ধু সাংবাদিকদের জানান, রাত নয়টার দিকে লাল মিয়ার এক আত্মীয় তাঁদের এসে জানান, লাল মিয়াকে কে বা কারা সিপাহীবাগের মদনগলির শেষ মাথায় বালুর মাঠে ধরে নিয়ে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা লাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। কে বা কারা ধরে নিয়ে গেছে, এ ব্যাপারে কেউ কিছু জানাতে পারেননি।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।