খিলগাঁওয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে থাকা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷
আজ বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব এই অভিযান পরিচালনা করেন৷
নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় একটি পেলোডার নিয়ে খিলগাঁও সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে শহীদ বাকি সড়ক ও ‘সি ব্লকে’ অভিযান চালানো হয়৷ এ সময় সড়কের দুই পাশে থাকা প্রায় ৩০টি দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়৷ বেলা ১২টার দিকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতাল ও বিশ্বরোডে অভিযান চালানো হয়৷ ওই এলাকার প্রায় ৪০টি দোকান উচ্ছেদ করা হয়৷ দুপুর একটার দিকে মালিবাগ রেলগেট ও টঙ্গী রোডে অভিযান চালিয়ে আরও ৩০ থেকে ৩৫টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়৷
অভিযান চলাকালে ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবু নাঈম, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন৷