খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত
খিলগাঁওয়ে গতকাল শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রেদোয়ান আহমেদ (২২) ও আল জুবায়ের (২১) নামের তাঁর দুই বন্ধু।
নিহত আবু বকর সবুজবাগ বাসাবো কদমতলা এলাকার আবদুল কুদ্দুছের ছেলে। তাঁর গ্রামের বাড়ি বরগুনার কলাগাছিয়ায়। তিনি বাসাবো তালতলা হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। আহত আল জুবায়ের কদমতলা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। আর রেদোয়ান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ফকির প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সবুজবাগ থানার খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন এই তিন তরুণ। মোটরসাইকেল চালাচ্ছিলেন রেদোয়ান। মাঝে ছিলেন আবু বকর, আর সবার পেছনে জুবায়ের। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে তিনজন তিন দিকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন।
থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ঢাল থেকে নামার প্রায় ১০০ গজ পরেই একটা হালকা বাঁক আছে। সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে। এই স্থানটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগে একই স্থানে দুর্ঘটনায় আরও দুজন মারা যান।