খিলগাঁওয়ের হুজাইফা দুই মাস ধরে নিখোঁজ
খিলগাঁও থেকে হুজাইফা নামের এক যুবক নিখোঁজের ৫৫ দিন পরও বাসায় ফেরেননি বলে দাবি করেছে তাঁর পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হুজাইফার বাবা আতাউল্লাহ আকন্দ বলেন, গত ২৯ নভেম্বর রাত নয়টার দিকে মুঠোফোনে টাকা রিচার্জ করতে বাসা থেকে বের হন হুজাইফা। পরে তিনি আর বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে আজ পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। পরে আতাউল্লাহ বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন।
আতাউল্লাহ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দক্ষিণ বনশ্রীর আবু বক্কর (রা.) মসজিদ ও মাদ্রাসা পরিচালনা করে আসছি। কিন্তু ষড়যন্ত্র করে মসজিদ ও মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চায় মসজিদের তথাকথিত প্রধান উপদেষ্টা এম কে আলম মৃধা, সভাপতি দৌলত হোসেন, সেক্রেটারি সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ আকবর আলী, সদস্য আবদুল কাদের ও রফিকুল ইসলাম গং। পরে তাঁদের বিরুদ্ধে আদালতে পরপর কয়েকটি মামলা ও থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এ ঘটনার পর থেকেই আমার ছেলে নিখোঁজ আছে।’
আতাউল্লাহ বলেন, ‘দক্ষিণ বনশ্রীর ওই মসজিদ ও মাদ্রাসার সম্পত্তির মালিক ছিলেন শামীম সুলতানা নামের এক নারী। তিনি মারা যাওয়ার আগে এই সম্পত্তি মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফ করে যান। পরে আমি এই জমিতে মাদ্রাসা ও মসজিদের জন্য ছয়তলা ভবন নির্মাণ করি। কিন্তু এই উন্নয়নকাজে বাধা সৃষ্টি করে কিছু অসাধু লোক। আমার ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আমার ছেলেকে অপহরণ করেছে। ছেলেকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আইন প্রয়োগকারী সংস্থার কাছে আইনি সহায়তা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে হুজাইফার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন৷