খিলি পানের জয়
‘আজিমপুর লেডিজ ক্লাব’ মাঠে গতকাল সোমবার ৪০টি দল নিয়ে শুরু হয়েছে ‘আজিমপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ টুর্নামেন্ট-২০১৭ (এপিসিএল)।’ উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল একাদশকে ৩৫ রানে হারিয়েছে খিলি পান দল।
গতকাল বিকেেল এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করে আজিমপুর তরুণ সংঘ।
অনুষ্ঠানে তরুণ সংঘের সভাপতি হাসিবুর রহমান বলেন, মাদক ও সন্ত্রাসবাদ থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করবে। এ ছাড়া তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। দেশপ্রেম সৃষ্টি হবে। তিনি বলেন, পুরান ঢাকার লালবাগসহ শহরের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ক্লাবের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসব প্রতিষ্ঠান ও ক্লাবকে খেলাধুলার সরঞ্জাম দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।