খুঁজে পাওয়া যাচ্ছে না বিচারককে
চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক সালাউদ্দিন মো. আকরামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৭ জুলাইয়ের পর থেকে ছুটি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত আছেন। ওই বিচারকের ব্যক্তিগত মুঠোফোনটিও দীর্ঘদিন ধরে বন্ধ। কর্মস্থলে যোগদানের জন্য জেলা জজ তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি।বিচারক সালাউদ্দিন মো. আকরাম কর্মস্থলে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট আদালতের বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিচারাধীন এক হাজার ১৩৪টি মামলা নিয়ে বিচারপ্রার্থী ও এর সঙ্গে নিযুক্ত আইনজীবীরা বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে আজ বুধবার ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়েছেন।জেলা জজ কার্যালয় সূত্র জানায়, গত ২৫ মে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, বিচারক সালাউদ্দিন মো. আকরামকে পিরোজপুর থেকে চুয়াডাঙ্গায় যোগদানের নির্দেশ দেওয়া হয়। সে হিসেবে, গত ১৫ জুন ৪৭ নম্বর স্মারকমূলে তিনি চুয়াডাঙ্গায় যুগ্ম জেলা জজ হিসেবে যোগদান করেন। ১৭ ও ১৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়ে ১৬ জুন চুয়াডাঙ্গা ত্যাগ করেন তিনি। কিন্তু ছুটি ছাড়াই গত ১৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুপস্থিত থাকার পর ৬ জুলাই কর্মস্থলে যোগ দেন। একইভাবে ৮ ও ৯ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় অনুমতি নিয়ে আবারও ৭ জুলাই অফিস ছুটির পর কর্মস্থল ত্যাগ করেন। এরপর তিনি আর চুয়াডাঙ্গায় ফেরেননি। জেলা জজশিপ থেকে ওই বিচারকের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া গেছে।এ অবস্থায় জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা গত ১৪ ও ২৭ জুলাই এবং ৪ আগস্ট বিচারক সালাউদ্দিন মো. আকরামের বাড়িতে (৭৩, দক্ষিণ খিলগাঁও, বাগিচা, ঢাকা) তিন দফায় পত্র পাঠিয়েছেন। দ্রুত কর্মস্থলে যোগদানের জন্য পত্রগুলোতে নির্দেশ দেওয়া হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি যোগদান করেননি।জেলা জজের কার্যালয় সূত্রে জানা গেছে, যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক সালাউদ্দিন মো. আকরামের অনুপস্থিতির কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন ওই আদালতের বিচারাধীন মামলাগুলো পরিচালনা করছেন। বেগম মমতাজ পারভীন নিজ আদালতের বাইরে আগে থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারাধীন মামলা দেখভাল করে আসছিলেন। এক মাস ধরে নতুন করে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন শুরু হয়েছে। সব মিলিয়ে চারটি আদালতের দায়িত্ব একা পালন করতে গিয়ে ওই বিচারক হিমশিম খাচ্ছেন।সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরাম গত ১৫ জুন যোগদানের পর দুই দফায় মাত্র দুই দিন এজলাসে বসেছেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিচারপ্রত্যাশীরা প্রতিনিয়ত হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে এ সমস্যার নিরসন হওয়া দরকার।চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, বিচারক সালাউদ্দিন মো. আকরামের অনুপস্থিতিসহ বিচারকের সংকটের বিষয়ে সমিতির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভার কার্যবিবরণীসহ নেতারা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সরাসারি যোগাযোগ করতে ইতিমধ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন।