খুঁটি ও বেড়ায় শীতলক্ষ্যা দখল
মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতীরের বিস্তীর্ণ জমি দখল করে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। সিমেন্ট প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান গজারিগাছের খুঁটি পুঁতে ও বেড়া দিয়ে ওই জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অবৈধভাবে নদী দখলের অভিযোগ এনে গত বছরের ১ নভেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডকে নোটিশ দেয়। নোটিশে দখল করা জায়গা থেকে সাত দিনের মধ্যে ভরাট করা বালু ও খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। প্রায় সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি তা সরায়নি।প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষের দাবি, তারা নদী দখল করেনি। এটা তাদের কেনা জমি।কিন্তু উচ্চ আদালতের এক নির্দেশে নদীর ৫০ মিটারের মধ্যে কারও ব্যক্তিমালিকানা সম্পত্তি থাকলেও তা নদীর বলে গণ্য হবে উল্লেখ আছে। ২০০৯ সালের জুনে আদালতের ওই নির্দেশনার পর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও ভূমি কার্যালয় মিলে শীতলক্ষ্যার তীর পরিমাপ করে খুঁটি পুঁতে দেয়।পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক সোনিয়া সুলতানা প্রথম আলোকে জানান, বিআইডব্লিউটিএর নোটিশ দেওয়ার পর গত ২৬ ডিসেম্বর তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে যান। জেলা প্রশাসনের দেওয়া সীমানার পিলার অতিক্রম করে প্রতিষ্ঠানটি তাদের ভরাট কার্যক্রম চালাচ্ছে। তাদের উচ্ছেদের সুপারিশ করেছিলেন তিনি।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে আরও বলা হয়, উচ্চ আদালতের নির্দেশে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের তীরবর্তী অঞ্চলকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, এ চারটি নদীর তীর ভরাট দণ্ডনীয় অপরাধ।সরেজমিনে দেখা যায়, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুরে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের কারখানাটি অবস্থিত। কারখানার সীমানাপ্রাচীরের উত্তরে নদীতীর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানটি মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ দুই জেলার সীমান্তে পড়েছে। বিআইডব্লিউটিএর হিসাব অনুযায়ী, ভরাট করা জায়গার পরিমাণ আনুমানিক এক লাখ ১২ হাজার ৫০০ বর্গফুট। এ ছাড়া নদীসংলগ্ন এক লাখ ৮০ হাজার বর্গফুট নিচু জমিও ভরাট করেছে তারা।প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড পশ্চিম মুক্তারপুর কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম নদী দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নদীর তীরবর্তী এসব জমি আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিনে ভরাট করেছি। নদী দখলের প্রশ্নই ওঠে না।’বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা জানান, ২০০৯ সালে ২৫ জুন হাইকোর্টের বিচারপতি খায়রুল হক একটি রায় দেন। তাতে তীর থেকে ডাঙা পর্যন্ত ৫০ মিটার নদীর সম্পত্তি বলে গণ্য করা হবে উল্লেখ করা হয়। কিন্তু দুঃখের বিষয়, উচ্চ আদালতের সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদী দখল করা হচ্ছে। এতে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। নদী বাধাপ্রাপ্ত হয়ে মরে যাচ্ছে।মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম জানান, লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হবে, তারা আসলে নদী দখল করেছে কি না। করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।