খুঁটি চুরির সময় আটজন গ্রেপ্তার, ট্রাক ও লরি জব্দ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মজুত রাখা খুঁটি চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে আন্তজেলা চোর দলের আটজন সদস্য।
গত রোববার দিবাগত রাত তিনটার দিকেকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের ব্যবহার করা একটি ট্রাক ও একটি লরি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো কুষ্টিয়ার খুলশী উপজেলার আমলাবাড়ি গ্রামের মো. রাজু, গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার নওগাঁ গ্রামের রাশেদুল, শাহজাহান ও সিরাজুল ইসলাম, নোয়াখালীর চাটখিল উপজেলার বাংশা গ্রামের নাজমুল আলম, চট্টগ্রামের পাঁচলাইশের হাজীপাড়া গ্রামের মনসুর আলম, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গন্ধের সাটিয়া গ্রামের মো. শামসুল ইসলাম এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোমকান্দা গ্রামের পুতুল হক।
পুলিশ জানায়, তিন মাস আগে সুয়াগাজী এলাকায় সড়কের পাশে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় তিন কোটি টাকার বৈদ্যুতিক পিলার রেখেছিল। রোববার দিবাগত রাত তিনটার দিকে ট্রাক, লরি ও ক্রেন নিয়ে পিলার চোরচক্রের আট সদস্য সেখানে যায়। তারা ১৪টি পিলার ট্রাক ও লরিতে উঠায়। খবর পেয়ে আনসার সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে তারা নিজেদের ঠিকাদার বলে দাবি করে। বিষয়টি সন্দেহ হওয়ায় আনসার সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসীম উদ্দিন বলেন, তারা প্রথমে নিজেদের ঠিকাদারের লোক বলে পরিচয় দেয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) সেলিনা বেগম বলেন, এর আগে একই জায়গা থেকে দুইবার পিলার চুরির ঘটনা ঘটেছে।