খুঁটি ভেঙে সেতু ঝুঁকিপূর্ণ
দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি। দুটি খুঁটি ট্রলারের ধাক্কায় ভেঙে গেছে। সংস্কারে অভাবে অন্যান্য অংশও নড়বড় হয়ে পড়েছে। এ দুরবস্থা বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী-ধামুর খালের মাছবাজার এলাকায় নির্মিত সেতুর। বিকল্প ব্যবস্থা না থাকায় এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁঁকি নিয়ে চলাচল করছে। জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গৌরনদী কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডি বরিশাল কার্যালয়ের অধীনে ১৯৯৬-৯৭ অর্থবছরে ৪০ মিটার দীর্ঘ লোহার গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। এ জন্য বরাদ্দ দেওয়া হয় সাড়ে ১২ লাখ টাকা। গত সোমবার সরেজমিনে দেখা যায়, এই সেতুতে ছয়টি স্প্যান আছে। লোহার খুঁটির ওপর কংক্রিটের ঢালাই দিয়ে সেতুর ওপরের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সেতুর মাঝখানের স্প্যানের গুরুত্বপূর্ণ দুটি খুঁটি ভেঙে গেছে। তৃতীয় সারির স্প্যানের খুঁটি ও লং ভিমের (সেতুর ওপরের অংশের নিচে থাকা লোহার পাত) সংযোগ স্থাপনকারী কয়েকটি ক্যাপও ভেঙে গেছে। এ কারণে এটি নড়বড় হয়ে পড়েছে।স্থানীয় লোকজন জানায়, ট্রলারের ধাক্কায় সেতুটির একাধিক খুঁটি ভেঙে গেছে। গৌরনদী বন্দর বণিক সমিতির সভাপতি জি এম হারুন মৃধা জানান, সেতুর অবস্থা খুব খারাপ। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে। শিগগিরই সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নূর আলম সিকদার বলেন, সেতুটি সংস্কার করার বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বেশ কয়েকবার মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি। উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, জরুরি ভিত্তিতে সেতু সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ওই প্রস্তাব অনুমোদন সাপেক্ষে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।