খুঁটি সরে না, রাস্তাও চার লেন হয় না
বিদ্যুতের প্রায় দুই হাজার খুঁটি না সরানোয় রংপুর শহরের ১৬ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ ঝুলে আছে। খুঁড়ে রাখা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, গত ২০ মার্চ রংপুর শহরে চার লেন সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রাস্তার মাঝ থেকে বিদ্যুতের খুঁটি না সরিয়েই শুরু হয় কাজ।বিদ্যুৎ বিভাগ বলছে, এই খুঁটি সরাতে প্রায় ছয় কোটি টাকা লাগবে। আর সওজ বলছে, টাকা বরাদ্দ নেই। এ ব্যাপারে আন্তমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এ বৈঠক কবে হবে, তা জানা যায়নি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, রংপুর মেডিকেল মোড় থেকে বাস টার্মিনাল হয়ে শহরের মডার্ন মোড় যেতে পর্যটন মোটেলের সামনে পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের এক পাশে কিছু কাজ হয়েছে। কিন্তু প্রায় ১০০ খুঁটি না সরানোয় কাজ করা দুষ্কর হয়ে পড়েছে। পর্যটন মোটেল থেকে বাস টার্মিনাল পর্যন্ত আধা কিলোমিটার সড়ক প্রশস্ত করার কোনো কাজই হয়নি।বাস টার্মিনাল থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের এক পাশে মাটি কাটা হলেও রাস্তার মাঝবরাবর রয়ে গেছে প্রায় ৪০০ খুঁটি। আবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে রেলক্রসিং পর্যন্ত ৫০০ গজ সড়কের কাজ শুরুই হয়নি। রেলক্রসিং থেকে দর্শনা মোড় পর্যন্ত সড়কের এক দিকে এবং দর্শনা মোড় থেকে শহরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়কের দুই দিকে কাজ হলেও এসব স্থানে প্রায় ১৫০টি খুঁটি দাঁড়িয়ে আছে।মডার্ন মোড় থেকে শহরের ভেতর দিয়ে যেতে মহাসড়কের মাটি কাটার কাজ হয়েছে শহরের খামার এলাকা পর্যন্ত। এসব স্থানেও বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। এদিকে শহরের লালবাগ থেকে খামারবাড়ি যেতে প্রায় ৫০০ গজ সড়ক প্রশস্তকরণে শুধু মাটি কাটা হয়েছে। এর ফলে এ সড়কে যান চলাচল ও পায়ে হেঁটে চলতেও বেশ ঝক্কি পোহাতে হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের কয়েক শ শিক্ষার্থীর চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন, বিলকিছ আক্তার ও রায়হানুল কবির বলেন, সড়ক প্রশস্ত করা হবে, এটি ভালো খবর। মাটি কেটে খাল করা হয়েছে, কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে মাটি ভরাট করা হচ্ছে না। এর ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। সওজ বিভাগ সূত্র জানায়, শহরের ১৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার জন্য ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি টাকা, যা তিন অর্থবছরে শেষ করা হবে। গত অর্থবছরের ১৬ কোটির মধ্যে ১০ কোটি টাকার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে ছয় কোটি টাকার জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসনকে বলেছে সওজ।সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন অর্থবছরের ৩০ কোটির মধ্যে ১৫ কোটি টাকা বরাদ্দ মিলেছে। কিন্তু এই টাকা পাওয়ার দুই মাস পেরিয়ে গেলেও কাজ এখনো শুরু হয়নি।রংপুর বিদ্যুৎ কার্যালয়ের প্রধান প্রকৌশলী অলোক কুমার বলেন, সড়ক প্রশস্ত করার কাজ শুরু হলেও প্রায় দুই হাজার বিদ্যুতের খুঁটি সরানোর জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি। এর ফলে খুঁটিগুলো সরানো সম্ভব হচ্ছে না।রংপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের খুঁটি সরানোর টাকা নেই। সড়ক প্রশস্তকরণের দরপত্র আহ্বান করা হলেও খুঁটি সরানোর কথা বলা হয়নি। এ ব্যাপারে টাকা বরাদ্দের জন্য তিনি আন্তমন্ত্রণালয়ে বৈঠক করতে হবে বলে মন্তব্য করেন। কিন্তু কবে সেই বৈঠক হবে, তা জানা যায়নি।