খুঁটির বদলে গাছে ১১ কেভির বিদ্যুৎ লাইন

সিলেটের জৈন্তাপুরে ১১ কেভির (কিলোভোল্ট) বিদ্যুৎ লাইনের খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে তিনটি গাছ। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। কিন্তু জৈন্তাপুর উপজেলা সাবস্টেশনের ওই লাইনের খোলা তার ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় তিন মাস ধরে এসব গাছের ওপর রয়েছে।
বিদ্যুৎ বিভাগের লাইন সম্প্রসারণকাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, মালিকদের বলার পরও তিনটি গাছ না কাটায় বৈদ্যুতিক খুঁটি বসানো যাচ্ছিল না। এতে জৈন্তাপুর সাবস্টেশনের সংযোগ বিলম্বিত হওয়ায় গাছই খুঁটি হিসেবে আপাতত ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জৈন্তাপুরের সিলেট-তামাবিল মহাসড়কের নিজপাট মুরগাহাটি এলাকার নাছির উদ্দিন ও তোরা মিয়া বাড়ির সামনের তিনটি গাছকে বৈদ্যুতিক খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনটি গাছের মধ্যে একটির ডালপালা কেটে খুঁটির মতো করে ব্যবহার করা হয়েছে। বাকি দুই গাছে ডালপালার মধ্যে খুঁটির মতো করে ব্যবহার করা হয়েছে। খুঁটি স্থাপনের আগে গাছ কেটে নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের তাগাদা দেওয়ার বিষয়ে জানতে চাইলে গাছের মালিক জানান, এ বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি।
গাছের মালিক নাছির উদ্দিন জানান, রাস্তার পাশে আরও কয়েকটি গাছ কাটা হয়েছে। সেগুলো নিজ দায়িত্বে বিদ্যুৎ বিভাগ কেটে খুঁটি বসিয়েছে। তাঁর বাড়ির সামনে তিনটি গাছ খুঁটির মতো করে ব্যবহারকালে লাইনম্যানদের কাছে এর কারণ জানতে চাইলে তাঁরা বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ‘খোলা তার এমনিতেই ঝুঁকিপূর্ণ, এর মইধ্যে আবার গাছরে বানাইছে খুঁটি! মেঘ-বাদলার দিন আইলে কী বিপদ অয় ই-চিন্তায় আছি আমরা!’
জৈন্তাপুর সাবস্টেশনের বিদ্যুৎ লাইন সম্প্রসারণকাজে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, সাবস্টেশনে দ্রুত বিদ্যুতের সংযোগ দিতে পুরোনো খুঁটির পাশাপাশি নয়টি নতুন খুঁটি বসানোর কথা। ওই নয়টি খুঁটির মধ্যে তিনটির জায়গায় গাছ ব্যবহার করা হয়েছে। গত জুন-জুলাইয়ে এ কাজ করার পরপরই তৎকালীন আবাসিক প্রকৌশলী বদলি হন। এ কারণে গাছের জায়গার খুঁটি গেল কোথায়, সে বিষয়ে তাঁরা অবহিত না হওয়ায় গাছ কেটে খুঁটি পুনঃ স্থাপন করতে পারছেন না।
এ বিষয়ে জৈন্তাপুর সাবস্টেশনের আবাসিক প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, গাছ না কাটায় আপাতত খুঁটি হিসেবে তিনটি গাছকে ব্যবহার করা হচ্ছে। সাবস্টেশনে বৈদ্যুতিক সংযোগ দ্রুত করার স্বার্থে এটি করা হয়েছে।