খুঁড়িয়ে চলছে ৭১ কোটি টাকার পুরস্কারপ্রাপ্ত স্বয়ংক্রিয় প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি শুরুর জন্য ২০১০ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেরা পুরস্কার পেয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রায় ১৭ মাস আগে বন্দর কর্তৃপক্ষ কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতির এই প্রকল্প ঠিকাদারের কাছ থেকে বুঝেও নেয়। কিন্তু এখনো প্রকল্পটি পুরোপুরি চালুই হয়নি। 
প্রকল্প সমাপ্তি প্রতিবেদন তৈরির সময় সংশ্লিষ্ট বিভাগগুলো থেকেই উঠে এসেছে স্বয়ংক্রিয় পদ্ধতির পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার চিত্র।
অথচ প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমদানি-রপ্তানি কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তর, খালাস, সংরক্ষণ, কনটেইনার-সংক্রান্ত বিল তৈরিসহ যাবতীয় কার্যক্রমের তথ্য অনলাইনে সম্পন্ন হওয়ার কথা ছিল।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতির সিংহভাগ কাজই বাস্তবায়িত হয়নি। এখন কার্যত খুঁড়িয়ে চলছে এই পদ্ধতি। এ কারণে আমরা সুফল পাচ্ছি না।’
বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো বন্দরে বছরে কনটেইনার পরিবহনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেলে সনাতন পদ্ধতিতে কনটেইনার ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে। ২০১৩-১৪ অর্থবছরে এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন ১৬ লাখ ২৫ হাজার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) ছাড়িয়ে যায়। স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন না হলে কনটেইনারের সংখ্যা যত বাড়বে, পরিচালন কার্যক্রমে তত সমস্যা তৈরি হবে।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সিঙ্গাপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের অনেকগুলো মডিউল তৈরি করেছে। অনেকগুলো বাস্তবায়িত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মডিউল তৈরি হলেও এখানে খাপ খাওয়ানো যায়নি। এগুলোও খাপ খাওয়ানোর চেষ্টা চলছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হয়। এ প্রকল্প স্থাপন ও চালুর জন্য ২০০৯ সালের ২৫ মার্চ বন্দরের সঙ্গে সিঙ্গাপুরের এসটি ইলেকট্রনিকস (ইনফো সফটওয়্যার সিস্টেমস) প্রাইভেট লিমিটেডের প্রায় ৪৩ কোটি টাকার চুক্তি হয়। চার বছর রক্ষণাবেক্ষণের জন্য দেশীয় প্রতিষ্ঠান ডাটাসফটের সঙ্গে প্রায় ২০ কোটি টাকার চুক্তি হয়। পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নাথান অ্যাসোসিয়েটসের সঙ্গে চুক্তি হয় প্রায় আট কোটি টাকার। চুক্তিতে নির্ধারিত সময়ের প্রায় আড়াই বছর পর ২০১৩ সালের জুনে প্রকল্প বুঝে নেয় বন্দর কর্তৃপক্ষ।
বাস্তবায়িত হয়নি: স্বয়ংক্রিয় পদ্ধতিতে কনটেইনারসংক্রান্ত কাজ না হওয়ার তালিকা অনেক দীর্ঘ। জেটিতে জাহাজ বরাদ্দ, কনটেইনার-সংক্রান্ত কাজে শ্রমিক বরাদ্দ, কনটেইনারের বিল তৈরিসহ অনেক কাজ বাস্তবায়িত হয়নি। আবার প্রকল্পে ব্যবহৃত সফটওয়্যারের লাইসেন্স বন্দরের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তা করা হয়নি।
প্রকল্প সমাপ্তির জন্য তৈরি নথিতেও সংশ্লিষ্ট বিভাগগুলো এই প্রকল্পের অনেক কার্যক্রম বাস্তবায়িত না হওয়ার কথা তুলে ধরেছে। যেমন: নৌ-বিভাগ বলছে, নৌ-বিভাগের জন্য ‘বার্থ ব্যবস্থাপনা পদ্ধতি’র সফটওয়্যার এখনো কার্যকর নয়। পরিবহন বিভাগ বলছে, বিল তৈরি, ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস), দালিলিক প্রক্রিয়া ইত্যাদি কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। কম্পিউটার সেন্টার বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলেও বিল তৈরি হচ্ছে সনাতন পদ্ধতিতে। আবার বন্দরের পরিচালন কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘অ্যাসাইনমেন্ট শিট’ নামে পরিচিত কনটেইনার সরবরাহ প্রতিবেদন হচ্ছে সনাতন পদ্ধতিতে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এসটি ইলেকট্রনিকসের স্থানীয় প্রতিনিধিরা প্রথম আলোকে জানান, বন্দর কর্তৃপক্ষ মডিউলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করছে না। আবার জাহাজ জেটিতে ভেড়ার ২৪ ঘণ্টা আগে রপ্তানি কনটেইনার বন্দরে আসছে না। ফলে রপ্তানি কনটেইনারের ক্ষেত্রে কয়েকটি ধাপে অনলাইনে তথ্য আদান-প্রদান করা যাচ্ছে না।
বাস্তবায়িত হয়েছে: স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এখন জাহাজ, কনটেইনার রাখার চত্বর ও বন্দর ফটকে আমদানি কনটেইনার ওঠানো-নামানো বা আনা-নেওয়ার সময় অনলাইনে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। তবে রপ্তানি কনটেইনারের ক্ষেত্রে এই ধরনের কাজের মধ্যে শুধু বন্দর ফটক দিয়ে কনটেইনার নেওয়ার সময় অনলাইনে তথ্য আদান-প্রদান হয়। জাহাজে ওঠানোর সময় হয় না। আবার আমদানি পণ্যভর্তি কনটেইনার কোথায় আছে তা অনলাইনে শনাক্ত করা হয়।
তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি: প্রকল্পের চুক্তি অনুযায়ী যেসব কাজ হয়েছে বা হয়নি, ২০১০ সালের নভেম্বরে তার একটি তালিকা করা হয়। বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জুলফিকার আজিজের (বর্তমানে কমোডর) নেতৃত্বে আট সদস্যের কমিটি প্রকল্পের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পূর্ণ বা আংশিক সরবরাহ করা হয়নি এমন ৬৭টি ক্ষেত্র চিহ্নিত করে।
নৌ-মন্ত্রণালয়ের একটি কমিটি গত বছরের ১০ ফেব্রুয়ারি এই প্রকল্প নিয়ে আরেকটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির আরিফ মাহমুদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদনে বলা হয়, ৬৭টি অসম্পূর্ণ বা অর্ধসমাপ্ত কাজের মধ্যে মাত্র ১৫টি সম্পন্ন হয়েছে, ২৬টি চলমান রয়েছে। এই কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও জমা দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক নাসির আরিফ মাহমুদ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ার জন্য দায়ী করা হয় প্রকল্প পরিচালক খায়রুল মোস্তফা ও অন্তর্বর্তীকালীন প্রকল্প পরিচালক অরুণ কুমার ভট্টাচার্যকে। এই দুজনই সম্প্রতি অবসরে গেছেন।
অরুণ কুমার ভট্টাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
কমিটির সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কমিটি প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বললেও সুস্পষ্টভাবে তাঁদের অবহেলার কথা চিহ্নিত করেনি। এ কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।