খুঁড়িয়ে চলছে কক্সবাজার মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুঁড়িয়ে চলছে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ। শিক্ষক–সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। অন্যদিকে, স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের একটি ভবনে চলছে কলেজের কার্যক্রম।
কলেজ সূত্র জানায়, কলেজে অধ্যয়ন করছে ৩১৩ জন শিক্ষার্থী। ১৫টি বিভাগে একজন করে অধ্যাপকের পদ রয়েছে। কিন্তু এর মধ্যে শুধু মেডিসিন বিভাগে একজন অধ্যাপক আছেন। তা–ও তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ফলে প্রশাসনিক বিভিন্ন কাজে তাঁকে প্রায় সময় কক্সবাজারের বাইরে থাকতে হয়। এদিকে সহযোগী অধ্যাপকের ২২টি পদ থাকলেও সেখানে আছেন সাতজন। সহকারী অধ্যাপকের ২২টি পদে আছেন ১২ জন।
কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ছয় বছরেও শিক্ষক সংকটের নিরসন হচ্ছে না। বিশেষ করে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাপক না থাকায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।
শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘অধ্যাপক না থাকায় যথাযথ পাঠদান হচ্ছে না। দেশের অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চেয়ে আমরা পিছিয়ে আছি। পড়া শেষে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নিতে সমস্যায় পড়তে হবে আমাদের।’
স্থায়ী ক্যাম্পাস নেই, শিক্ষার্থীদের ভোগান্তি: স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা জানান, তৃতীয় বর্ষ থেকে শুরু হয় এই ভোগান্তি। তখন হাসপাতালের ওয়ার্ডে যেতে হয় তাঁদের। এই সময় এক ভবনে ক্লাস সেরে পাশের হাসপাতাল ভবনে যেতে হয়। এতে সময় নষ্ট হয়। হাসপাতালে ওয়ার্ডের পাশে ক্লাসের ব্যবস্থা থাকলে সুবিধা হতো।
কলেজের পঞ্চম বর্ষের ছাত্র আলিম আল রাযীন বলেন, সদর হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাসে পড়ছি পাঁচ বছর ধরে। মনে হয় না নতুন ক্যাম্পাস দেখে যেতে পারব। তিনি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস চালু হলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের সুবিধা ভোগ করত শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, কক্সবাজার শহরতলির ঝিলংজা এলাকায় ৩০ দশমিক ৫৮ একর জমিতে ২০১২ সালে শুরু হয় মেডিকেল কলেজের ছয়তলার প্রশাসনিক ভবনের নির্মাণকাজ। সম্ভাব্য প্রকল্প ব্যয় ৫৬ কোটি ৩৯ লাখ টাকা। ২০১৬ সালের জুন মাসে এই ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। বর্তমানে ভবনের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এদিকে ছাত্র ও ছাত্রীনিবাস তৈরির কাজও চলছে।
সরেজমিনে দেখা গেছে, তিনতলাবিশিষ্ট ছাত্রাবাসের তৃতীয় তলার ছাদ ঢালাই হয়েছে। আর ছাত্রীনিবাসের ভিত্তির কাজ শেষ। নিচতলার ঢালাইয়ের কাজ চলছে। কক্সবাজার গণপূর্ত বিভাগ কলেজ ভবন ও হোস্টেল নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. তছলিম উদ্দিন জমাদ্দার বলেন, প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৫৬ কোটি ৩৯ লাখ টাকা। এ পর্যন্ত পাওয়া গেছে ২৬ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা। বাকি টাকা পাওয়া গেলে কাজও দ্রুত শেষ করা সম্ভব হবে। তিনি বলেন, কলেজ ক্যাম্পাস তৈরির জন্য ২০১৬ সালের জুন পর্যন্ত সময় আছে। ঠিকম বরাদ্দ পাওয়া গেলে চলতি ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।