খুঁড়িয়ে চলছে এশিয়ার বৃহত্তম হ্যাচারি
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে ৮১ জন কর্মকর্তা-কর্মচারীর ৪১টি পদই শূন্য। এ ছাড়া পলি পড়ে কেন্দ্রের অনেক পুকুর প্রায় ভরে গেছে। গভীর নলকূপ বিকল হয়ে রয়েছে। রয়েছে বিদ্যুতের লো-ভোল্টেজসহ নানা সমস্যা। ফলে খুঁড়িয়ে চলছে এশিয়ার বৃহত্তম এই হ্যাচারিটি।
গত বছরের ২০ জুলাই বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হ্যাচারি পরিদর্শনে আসেন। তিনি এখান থেকে তাঁর দেশে মাছের পোনা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। গত ৫ আগস্ট শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিরা নমুনা হিসেবে রুই মাছের পাঁচ হাজার পোনা সে দেশে নিয়ে যান।
সরেজমিনে জানা গেছে, ৮১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আছেন মাত্র ৪০ জন। তাঁদের মধ্যে দুজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ছয়জন বৈজ্ঞানিক কর্মকর্তা ও একজন প্রশাসনিক কর্মকর্তার পদ আছে। কিন্তু কর্মরত আছেন মাত্র দুজন। কর্মকর্তাদের জন্য সাতটি আবাসিক ভবন রয়েছে। লোকবল না থাকায় চারতলা একটি ও একতলা তিনটি ভবন পরিত্যক্ত অবস্থায় আছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও জরাজীর্ণ হয়ে গেছে।
প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান জানান, এই কেন্দ্রের ভেতরে ৬৯টি পুকুর আছে। পুকুরগুলোতে পলি জমে গেছে। খনন না করায় শুকনা মৌসুমে পানি শুকিয়ে যায়। ফেটে চৌচির হয়ে যায় পুকুরের তলদেশ। এই মৌসুমে ইতিমধ্যে ২০টি পুকুরে পানিস্বল্পতা দেখা দিয়েছে। আর ১০টি পুকুরে পানি কমে এক থেকে দেড় ফুটে নেমেছে। এতে অর্ধশত রুই, কাতলা, কালবাউশ, মৃগেলের মা-মাছ মরে যায়।
জানা গেছে, ৫৪ একর জমির ওপর ১৯৭৯ সালে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের কাজ শুরু হয়। ’৮২ সালের দিকে কার্যক্রম শুরু হয়। এখানকার রেণুপোনা মানসম্পন্ন হওয়ায় সারা দেশে অল্প সময়ে এটি ব্যাপক পরিচিতি পেয়ে যায়।
বিপুল চাহিদা এখানকার রেণুপোনার। কিন্তু এক দশক পার না হতেই এটিতে নানা সংকট দেখা দেয়। জানতে চাইলে এই কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্যা প্রথম আলোকে বলেন, ‘শুরুতে এটি ছিল এশিয়ার বৃহত্তম হ্যাচারি। এটি এখন নানা সমস্যায় জর্জরিত। তার পরও আমাদের অক্লান্ত চেষ্টায় এবার ৬০০ কেজি রেণু উৎপাদিত হয়েছে।’