খুঁড়িয়ে চলছে দর্শনা কোয়ারেন্টাইন সেন্টার!
রাজস্ব আদায়ের দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের কোয়ারেন্টাইন সেন্টারের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরের কেন্দ্রটি। অথচ এই কেন্দ্রের কাজ চলছে জোড়াতালি দিয়ে। নিজস্ব ভবন নেই এবং আধুনিকায়নও হয়নি।কেন্দ্র সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা উদ্ভিদ ও উদ্ভিদজাত কৃষিপণ্যের মাধ্যমে ক্ষতিকারক কোনো নতুন পোকামাকড় ও রোগজীবাণুর অনুপ্রবেশ ঠেকাতে দেশে ২৬টি কেন্দ্র স্থাপন করা হয়। দর্শনায় এ কেন্দ্রের কার্যক্রম শুরু হয় ১৯৯৪ সালে। সে সময় থেকে পৌর এলাকার থানাপাড়ায় ভাড়াবাড়িতে এ কেন্দ্রের কার্যক্রম চালানো হচ্ছে। শুরুতে বেনাপোল বন্দরের মাধ্যমে এই কেন্দ্রের কার্যক্রম নিয়ন্ত্রিত হলেও ১৯৯৭ সালে কেন্দ্রটি পূর্ণতা পায়। এ সময় থেকে বিসিএস (কৃষি) ক্যাডারের প্রথম শ্রেণীর একজন সঙ্গনিরোধ কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে সম্মিলিত কার্যক্রম শুরু হয়। তাঁকে সহায়তা করতে সাতজন কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। ২০০৮ সালে দর্শনা বন্দর হয়ে ঢাকা-কলকাতা আন্তর্জাতিক মৈত্রী ট্রেন সার্ভিস চালু হলে এই বন্দরে সঙ্গনিরোধ কার্যক্রমও বেড়ে যায়। সর্বশেষ ২০০৯ সাল থেকে দর্শনার জয়নগর চেকপোস্টেও সঙ্গনিরোধ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। সরেজমিনে দেখা গেছে, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের একটি ছোট কক্ষে বসে কোয়ারেন্টাইন কর্মকর্তা আখতারুজ্জামান দায়িত্ব পালন করছেন। জয়নগর চেকপোস্টে কাস্টমস ভবনের খোলা বারান্দায় দুজন কর্মচারী নড়বড়ে চেয়ার-টেবিলে বসে দায়িত্ব পালন করছেন।কেন্দ্রের প্রধান আখতারুজ্জামান বলেন, ‘নিজস্ব কার্যালয় না থাকায় বন্দর, আন্তর্জাতিক রেলস্টেশন ও জয়নগর চেকপোস্টে নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করতে হয়। আমদানি ও রপ্তানিযোগ্য কৃষিপণ্যের সংরক্ষণাগার পরিদর্শনের জন্য এই কেন্দ্রে এ পর্যন্ত কোনো গাড়ি দেওয়া হয়নি। রিকশাভ্যানে চেপে তিনটি জায়গায় দায়িত্ব পালনে যেতে হয়। ছোটখাটো কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম ছাড়া এ কেন্দ্রে তেমন কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি কর্মসূচির অধীনে দেশের অন্যান্য উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের আধুনিকায়নের কাজ চললেও দর্শনায় তা হয়নি।’