খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্রটি
অবকাঠামো থাকা সত্ত্বেও নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নেই। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে ডোমার উপজেলার ১০ ইউনিয়নের দুই লাখ ৫৪ হাজার মানুষ।জানা গেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে ১৯৬৮ সালে ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়। পরে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চিকিৎসক হাসিনুর রহমান বহির্বিভাগে রোগী দেখছেন। তাঁর সামনে রোগীদের দীর্ঘ সারি। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রুহুল আমিন জানান, ৩১ শয্যার জনবলেই ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র সাতজন। পাঁচ বছর ধরে এক্স-রে মেশিন নষ্ট হয়ে আছে, নেই জেনারেটর। ইসিজি মেশিনও খারাপ। এখানে শুধু মলমূত্র ও কফ পরীক্ষার ব্যবস্থা আছে। ১৪ জন সেবিকা থাকার কথা থাকলেও আছেন ছয়জন এবং পাঁচজন সুইপারের স্থলে আছেন দুজন।