ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর ধরে গাইনি চিকিৎসক নেই। ফলে উপজেলার গর্ভবতী মায়েরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের পদ রয়েছে। তবে ওই পদের বিপরীতে মাত্র তিনজন চিকিৎসক রয়েছেন। আর এই তিনজনের মধ্যে একজনও গাইনি চিকিৎসক না থাকায় গর্ভকালীন মায়েরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যাঁরা রয়েছেন, তাঁরা তিনজনই মেডিকেল অফিসার। একজন করে বিশেষজ্ঞ, সার্জন, মেডিসিন, গাইনি, এনেস্থেশিয়া (অচেতনবিদ) চিকিৎসক থাকার কথা থাকলেও এসব পদ শূন্য রয়েছে দীর্ঘদিন। সরেজমিনে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, চিকিৎসকেরা যেন রোগী দেখে নিঃশ্বাস নিতে পারছেন না ঠিক মতো। যথাযথ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক দরিদ্র রোগী।ছয় মাসের গর্ভবতী পাইকারচর গ্রামের হালিমা বেগম (৩৫) বলেন, ‘দূর থেইক্কা কষ্ট কইরা আইয়া দেহি ডাক্তার (গাইনি) নাই। তাই ফেরত যাইতাছি, অহন কোন কিলিনিকে (ক্লিনিক) যে দেখাইমু, টেকাও লাগব অনেক, আমরা গরিব মানুষ, অত টেকা আমাগোর নাই। তাই বাড়ি ফিরা যাইতাছি।’ফতেহপুর থেকে আসা আরেক রোগী আমিনা খাতুন (৪১) বলেন, ‘সকাল থেইক্কা লাইনে দাঁড়াইয়া দুই গন্টা (ঘণ্টা) পর ডাক্তার দেহাইতে পারছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, চিকিৎসক না থাকায় এলাকার রোগীর কিছু সমস্যা তো হচ্ছেই। তবে চিকিৎসকের শূন্য পদ পূরণ করতে জেলা সিভিল সার্জনকে বহুবার জানিয়েছি। কোনো কাজ হয়নি। নয়জন চিকিৎসকের কাজ তিনজন দিয়ে চলে না।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ‘আমরা বিভিন্ন মিটিংয়ে এবং চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গাইনি চিকিৎসকসহ বাকি পদগুলো পূরণ করতে, চিকিৎসক নিয়োগ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’