খুঁড়ে রাখা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে খুঁড়ে রাখা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গতকাল অবরোধ করেন l প্রথম আলো
ঝিনাইদহে খুঁড়ে রাখা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গতকাল অবরোধ করেন l প্রথম আলো

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় রাস্তা তৈরির নামে এক বছরের বেশি সময় ধরে ভালো রাস্তা খুঁড়ে রাখার প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় ওই সড়কে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। দুই পাশে শত শত পরিবহন আটকে পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলা এই অবরোধ কর্মসূচিতে বৈডাঙ্গা, বাটিকাডাঙ্গা, ডহরপুকুর, বাথপুকুর, নারায়ণপুরসহ আশপাশের ১০ গ্রামের মানুষ অংশ নেয়। অবরোধ শেষে হাবিবুর রহমানের সভাপতিত্বে রাস্তার ওপর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় ইউপি সদস্য হুসিয়ার হোসেন, নুর ইসলাম সরকার, ওহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, টোকন আলী প্রমুখ বক্তৃতা করেন।
অবরোধকারীরা অভিযোগ করেন, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের উত্তর-নারায়ণপুর থেকে বৈডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার ভালো সড়ক দেড় বছর আগে সংস্কারের কথা বলে খোঁড়া হয়। এই খুঁড়ে রাখার কারণে সড়কতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
অবরোধের একপর্যায়ে সেখানে উপস্থিত হন স্থানীয় ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন। তিনি ঝিনাইদহ সদর থানার ওসির পক্ষে আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন দ্রুত যাতে কাজটি শেষ হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেবেন তাঁরা।
এ বিষয়ে জানার জন্য ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। ছুটির দিন হওয়ায় তাঁর মুঠোফোনে ফোন দেওয়া হয়, কিন্তু তিনি ধরেননি।