খুচরা বাজারে এসে পণ্যের দাম দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১ জুন সিটি করপোরেশন ও জেলা প্রশাসন ১১টি সিদ্ধান্ত গ্রহণ করে। পাইকারি ও খুচরা বাজারের বিক্রয়মূল্যে সর্বোচ্চ ব্যবধান পাঁচ থেকে সাত টাকা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবে নগরের বিভিন্ন খুচরা বাজারে এই দামের পার্থক্য এখন ১০ থেকে ৩৫ টাকা।
বাজারভেদে দামের ভিন্নতা তো রয়েছেই, এমনকি একই বাজারে একই পণ্যের ইচ্ছেমতো দামও হাঁকছেন খুচরা ব্যবসায়ীরা। বাজারে নেই সরকারি নিয়ন্ত্রণ। কোনো বাজারেই নেই হালনাগাদ মূল্যতালিকা।
গতকাল শুক্রবার নগরের তিনটি খুচরা বাজার—ময়লাপোতা সন্ধ্যাবাজার, নিউমার্কেট কাঁচাবাজার ও শেখপাড়া কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
এই তিনটি বাজারের সঙ্গে সোনাডাঙ্গা কেসিসি পাইকারি কাঁচামাল বাজারের তুলনা করে দেখা যায়, খুচরা বাজারে পণ্যের দাম দ্বিগুণ বা তারও বেশি। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেগুন ২০-২২ টাকা, ঝিঙে ২১, ঢ্যাঁড়স ১৮, কাঁকরোল ১৫, করলা ১৬-২০, বরবটি ১৮-২০, চিচিঙ্গা ১৫-১৮, মিষ্টি কুমড়া ১২-১৮, পেঁপে ১০-১২, কচুর লতি ১৫-১৬, আমড়া ১২-১৬, ধনেপাতা ১২-২১, কাঁচা মরিচ ২০ ও টমেটো ১৫-৩৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পুঁইশাকে ১৩ টাকা, লালশাক ৮ ও ডাঁটাশাকে ১১ টাকা বেশি নেওয়া হচ্ছে। অথচ কেসিসি পাইকারি কাঁচামাল বাজারে দেওয়া মূল্যতালিকা থেকে জানা যায়, সেখানে পুঁইশাক ২-৩ টাকা, লালশাক ১৪-১৬, ডাঁটাশাক ৪-৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
গতকাল নিউমার্কেট কাঁচাবাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকায়। বেগুন ৪০-৫০ টাকা, কুমড়া ২০, ঢ্যাঁড়স ২২-৩০, পটোল ২০, ঝিঙে ৩০-৩৫, বরবটি ৪০, আলু ২২, কাঁকরোল ৩০-৩৫, করলা ৩২-৪০, চিচিঙ্গা ৩০, পেঁপে ২২-২৫, শসা ২৫, কচুরমুখী ৩০-৪০, কচুর লতি ৩০, আমড়া ৩০, ধনেপাতা (১০০ গ্রাম) ২০-৩০ টাকা, শুকনা মরিচ ১৭০-২০০, দেশি পেঁয়াজ ৩৫-৪০, চায়না আদা ১৬০ ও টমেটো ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে।
শেখপাড়া কাঁচাবাজারে বেশির ভাগ পণ্যের দাম নিউমার্কেট বাজারের চেয়ে কেজিতে ২-৫ টাকা কম। তবে বেগুন, কাঁচা মরিচ, শসা ও টমেটোর দাম নিউমার্কেট বাজারের মতোই। শেখপাড়া বাজারে পুঁইশাক ১৬ টাকা, লাউশাক ৩০, লালশাক ২৪ ও ডাঁটাশাক ১৬ টাকা আঁটি বিক্রি হয়েছে। ময়লাপোতা সন্ধ্যাবাজার ঘুরে দেখা যায়, সেখানে পণ্যের দাম নিউমার্কেট বাজারের মতোই চড়া, কিছু পণ্যের আরও বেশি।
নিউমার্কেট বাজারে কথা হয় ক্রেতা ইয়াসিন হাওলাদারের সঙ্গে। তিনি জানান, বাজারে সবজির দাম তো চড়াই, তার ওপর একেক দোকানে একেক দাম। সব দোকান ঘুরে ঘুরে কিনতে হচ্ছে।
জানতে চাইলে কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, ‘বাজারে হালনাগাদ মূল্যতালিকার বোর্ড দেওয়া নেই এটা সত্যি, তবে প্রত্যেক দোকানিকে আমি ব্যক্তিগতভাবে দোকানে মূল্যতালিকা টাঙাতে বলেছি। তারপরও যাঁরা তা করেননি, কেসিসি বা জেলা প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে আমি পূর্ণ সহযোগিতা করব।’
শেখপাড়া কাঁচাবাজারের কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিকী বলেন, ‘বাজারে মূল্যতালিকার হালনাগাদ কোনো তথ্য নেই। ১১ জুন সিটি করপোরেশন যেসব সিদ্ধান্ত নিয়েছে, ২৪ জুন ইস্যু করা এ-সংক্রান্ত একটি চিঠি আজ পেয়েছি। রাতে সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’
সিটি করপোরেশন বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মশিউজ্জামান খান বলেন, ‘আগামীকাল (আজ শনিবার) মেয়র মহোদয়সহ আমরা বিভিন্ন বাজার পরিদর্শনে বের হয়ে যথাযথ ব্যবস্থা নেব।’