খুচরা বাজারে খেজুরের দাম পাইকারির দ্বিগুণ
পবিত্র রমজান মাসে রাজধানীর বাজারে নানা ধরনের খেজুর বিক্রি হচ্ছে। কিন্তু পাইকারি ও খুচরা বাজারে খেজুরের দামে বিরাট পার্থক্য। ফলে সাধারণ ভোক্তাদের চড়া দামে খেজুর কিনতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের দাবি, চাহিদা অনুযায়ী আমদানি হলেও বন্দর থেকে খালাসে বিলম্বের কারণে বাজারে খেজুরের সংকট দেখা দিচ্ছে। আর খুচরা বাজারে বাড়ছে এর দাম। বাজারে নানা ধরনের খেজুরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—ইরানের মরিয়ম, ইরাকের জাহিদি, দুবাইয়ের সায়ের এবং আরব আমিরাতের বোমান, বারহি, বরই ও নাগাল। পাইকারি বাজারে প্রতি কেজি নাগাল খেজুরের দাম ৭৫-৮০ টাকা হলেও খুচরা বাজারে তা ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি বরই খেজুরের পাইকারি দাম ১৪০ টাকা হলেও খুচরা বাজারে তার দাম ১৮০-২৫০ টাকা। প্রতি কেজি জাহিদির পাইকারি দাম ৪৫-৪৮ টাকা, কিন্তু খুচরা বিক্রি হয় ৬৫-৭০ টাকায়। প্রতি কেজি মরিয়ম খেজুরের দাম পাইকারি বাজারে ৪০০-৫০০ টাকা আর খুচরা বাজারে ৫০০-৫৫০ টাকা। এ ছাড়া তিউনিশিয়ার প্যাকেটজাত এক ধরনের খেজুর আছে, যা ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা ও পাইকারি বাজারের দামের বিরাট পার্থক্যের কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী আমানুল্লাহ দাবি করেন, ‘প্রতি কেজি খেজুরে আমরা পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত লাভ করি।’ কারওয়ান বাজারের আরেক ব্যবসায়ী জাহিদি খেজুর ৫৫ টাকায় কিনেছেন বলে এ প্রতিবেদককে একটি মেমো দেখান। নয়াবাজারের খুচরা ব্যবসায়ী ইসকান আলী জানান, বাজারে ৩২ ধরনের খেজুর আছে। গুণ-মানের দিক থেকে দামেরও পার্থক্য রয়েছে। গতকাল তাঁর দোকানে প্রতি কেজি জাহিদি খেজুর ৮০, ল্যাপাস ১০০, বরই ১৮০ ও মরিয়ম ৪৫০ টাকায় বিক্রি হয়। পাইকারি খেজুর ব্যবসায়ীরা জানান, খেজুর প্যাকেটজাত করলে দেড় বছর পর্যন্ত বিক্রি করা যায়। বিদেশে প্যাকেট করার সময় খেজুরে এক ধরনের রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেওয়া হয়। একটি খেজুরের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ থেকে ১৮ মাস বিক্রির কথা উল্লেখ থাকে। বাদামতলী এলাকার খেজুর আমদানিকারক সাথী ফ্রেশ ফ্রুটস লিমিটেডের মালিক সিরাজুল ইসলাম জানান, রমজানে সারা দেশে খেজুরের চাহিদা প্রায় ৪০ হাজার মেট্রিক টন। এ বছর আমদানি হয়েছে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন। তার পরও দাম বাড়বে। দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি জানান, চট্টগ্রাম বন্দরে মাল খালাসে জটলার সৃষ্টি হয়েছে। আগে বন্দর থেকে বেসরকারিভাবে পণ্য খালাস হতো। এতে সময় লাগত দুই থেকে তিন দিন। এখন খালাসে আট থেকে ১০ দিন লেগে যাচ্ছে। এতে আমদানিকারকদের মোটা অঙ্কের লোকসান গুনতে হবে। বাদামতলীর আরেক ব্যবসায়ী মিশু ট্রেডার্সের মালিক সাধন বাবুও একই কথা বলেন।