খুচরা বাজারে তদারকি বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব নিত্যপণ্য আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়, বিশ্ববাজারে সেসব পণ্যের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তাই রোজায় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে খুচরা বাজারে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় ব্যবসায়ীরা এ তাগিদ দেন। রোজার পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তাদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।


মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে ব্যবসায়ী নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা লাভ করবেন, তবে তা যৌক্তিক হতে হবে। পণ্যের দাম বাড়লে সবাই আমদানিকারকদের দোষারোপ করেন। তাই নিজেদের স্বার্থেই নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে, সে বিষয়টি তাঁদের নিশ্চিত করা উচিত। সিটি করপোরেশন থেকে বাজারে মূল্যতালিকা টাঙানোসহ বাজার তদারকিতে কয়েকটি দল কাজ করবে উল্লেখ করে মেয়র বলেন, এবার রোজায় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে কাউন্সিলরদের দায়িত্ব বণ্টন করা হবে। যেসব কাউন্সিলর কাজ করবেন না, তাঁদের দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে না। অন্যভাবে ওই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, রোজার আগে মোট ছয়টি দল বাজার তদারক করবে। তদারকির পাশাপাশি খাদ্যে ভেজাল রোধেও এসব দল কাজ করবে। রোজায় পণ্যের দাম স্থিতিশীল রাখতে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চান।
শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশে সরবরাহ ও চাহিদার ঘাটতি না থাকলে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই।
পাইকারি বাজারে ছোলা ৫২ টাকায় বিক্রি হলে খুচরায় ৫৫ টাকা বিক্রি করুন। কেজিপ্রতি ১০ টাকা লাভে কেউ নিত্যপণ্য বিক্রি করলে কঠোর শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি। এবার রোজায় চেম্বার থেকে ১০টি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার কথা জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, বড় শিল্পগ্রুপগুলোরও রোজায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা উচিত।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও ভোগ্যপণ্য আমদানিকারক আবুল বশর চৌধুরী বলেন, গত বছরের চেয়ে এবার বাজারে ভোগ্যপণ্যের দাম তুলনামূলক কম। ডালজাতীয় পণ্যের দাম বিশ্ববাজারে কিছুটা বাড়লেও দেশের বাজারে এখনো দাম তুলনামূলক কম।


খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, অস্ট্রেলিয়ায় ছোলা উৎপাদনের সময় দাম থাকে কম। এরপর সময় যত গড়াবে, দামও তত বাড়ে। তাই পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য মৌসুম অনুযায়ী ভোগ্যপণ্য আমদানির পর মজুত রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
কাজীর দেউড়ি বাজারের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে এসব পণ্য যাতে বেশি না আসে, সে জন্য নির্দেশ দেন আড়তদারেরা, যাতে সংকট তৈরি করে দাম বাড়ানো যায়।