খুচরা বাজারে তদারকি বাড়ানোর তাগিদ
যেসব নিত্যপণ্য আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়, বিশ্ববাজারে সেসব পণ্যের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তাই রোজায় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে খুচরা বাজারে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় ব্যবসায়ীরা এ তাগিদ দেন। রোজার পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তাদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে ব্যবসায়ী নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা লাভ করবেন, তবে তা যৌক্তিক হতে হবে। পণ্যের দাম বাড়লে সবাই আমদানিকারকদের দোষারোপ করেন।