খুচরা রিচার্জ ব্যবসায়ীদের ধর্মঘটে এমটবের উদ্বেগ
দেশব্যাপী মোবাইলের খুচরা রিচার্জ ব্যবসায়ীদের একাংশের সাম্প্রতিক ধর্মঘটে সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে গভীর উদ্বেগ জানিয়েছে মুঠোফোন অপারেটরদের সংগঠন এমটব। পাশাপাশি, খুচরা রিচার্জ ব্যবসায়ীদের বিভিন্ন হুমকি সত্ত্বেও যাঁরা গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়েছেন, তাঁদেরকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।গতকাল সোমবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস অব বাংলাদেশের (এমটব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অযৌক্তিক বাণিজ্যিক কারণে বা অন্য কোনো ধরনের স্বার্থে স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে এমটব সব সময় কাজ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশে রিচার্জ ব্যবসায়ীদের কমিশন কাঠামো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় খুবই সঠিক ও পরিকল্পিত। অল্প সময়ে যেহেতু মুঠোফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে, তাতে করে ব্যবসায় নতুন বিনিয়োগ ও বাড়তি ঝুঁকি ছাড়াই মুঠোফোন রিচার্জ ব্যবসার ক্ষেত্রে লক্ষ্যযোগ্য প্রবৃদ্ধিও বেড়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যে গ্রাহকদের ভোগান্তি কমিয়ে আনতে ইলেকট্রনিক রিচার্জের মাধ্যমে বিকল্প সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে রিচার্জের নানা সুবিধা উন্মুক্ত হবে।এমটবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টেলিযোগাযোগ খাতের দ্রুত অগ্রগতি, সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর সুদৃঢ় অবস্থাকে টেলিযোগাযোগ সবচেয়ে উদ্দীপ্ত শিল্প খাতে পরিণত করেছে। কিন্তু রিচার্জ ব্যবসায়ীদের মতো ছোট একটি খাতের মাধ্যমে সাম্প্রতিক সৃষ্ট সন্ত্রাস ও বিশৃঙ্খলাকে দুর্ভাগ্যজনক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম শুধু দেশের অর্থনীতি নয়, বিদেশি বিনিয়োগের আগমনকেও বাধাগ্রস্ত করে তোলে বলে এমটব জানিয়েছে।