খুটাখালীর দুই নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে আবু তালেব নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্যপদে উপনির্বাচনে আবু তালেব নির্বাচিত হয়েছেন। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
২৫ মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থানীয় বহলতলী সাইক্লোন শেল্টার প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে ওই দিন সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা এম এ মান্নান ফলাফল ঘোষণা করেন। এতে ৫১০ ভোট পেয়ে ভ্যানগাড়ি প্রতীকে আবু তালেব নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছৈয়দ নুর মারা যান। এরপর নির্বাচন কমিশনের নির্দেশে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। উপনির্বাচনে একজন নারীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।