ইসলামিক ফাউন্ডেশন থেকে গত জুমার আগে গণমাধ্যমে পাঠানো খুতবার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন খুতবা প্রণয়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন, ওই খুতবা কারও ওপর চাপিয়ে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ধারণা নেওয়ার সুবিধার্থে খুতবাটি নমুনা হিসেবে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেরও জ্যেষ্ঠ পেশ ইমাম।
ইসলামিক ফাউন্ডেশন গত বৃহস্পতিবার ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শিরোনামে একটি খুতবা গণমাধ্যমে পাঠিয়ে তা দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের অনুসরণের অনুরোধ জানায়। পরদিন খুতবাটি বায়তুল মোকাররম মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে অনুসরণ করা হয়।
কিন্তু শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়াকে ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করে। সংগঠনটি এ খুতবাকে ‘বিতর্কিত’ ও ‘ভুলে ভরা’ বলেও দাবি করে।
গতকাল বিবৃতিতে মিজানুর রহমান খুতবায় ভুলভ্রান্তি থাকলে তা ইসলামিক ফাউন্ডেশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ জানান। তিনি বলেন, খুতবার ভুলভ্রান্তির বিষয় গণমাধ্যমে প্রকাশ করলে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হতে পারে। যদি কেউ পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে খুতবা প্রণয়ন করে ফাউন্ডেশনে পাঠান, তা সাদরে গৃহীত হবে।