খুদে বার্তা পাঠালেই যৌন হয়রানি বন্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যৌন হয়রানি কিংবা নারী নির্যাতনের প্রতিকার চাইলে অভিযোগকারী তাঁর মুঠোফোনে একটি কোড ব্যবহার করে খুদে বার্তা পাঠালেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাজির হবে।
গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্ক এবং পুলিশ রিফর্ম প্রোগ্রামের (পিআরপি) যৌথ আয়োজনে নারী নির্যাতন বন্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
পুলিশ সুপার আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (অর্থ) ও বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্কের সভাপতি মিলি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পিআরপির প্রকল্প ব্যবস্থাপক আন্দ্রিস দেলা রে রেডম্যান, জেলা সিভিল সার্জন পুতুল রায়, পিআরপির ভিকটিম সাপোর্ট এক্সপার্ট পুলিশ সুপার শামীমা বেগম, এআইজি অপরাধ (পূর্ব) রেবেকা সুলতানা, জেন্ডার এক্সপার্ট ফৌজিয়া খন্দকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অর্থ ও বরাদ্দ) আবিদা সুলতানা প্রমুখ।
সচেতনতামূলক এ অনুষ্ঠানে জানানো হয়, যৌন হয়রানি কিংবা নারী নির্যাতন রোধে মুঠোফোনের খুদে বার্তায় প্রথমে নিজের নাম (ছদ্মনামও হতে পারে) লিখে স্পেস দিয়ে ৩৯১ লিখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বরে পাঠালেই হবে (Salina 391, Sent- 01713373412)। খুদে বার্তা পাওয়ার পর পুলিশ অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবে।