খুদে বার্তা পাঠিয়ে ভোটার হতে ডাকা হবে- নির্বাচন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, খুব একটা দিন বেশি দূরে নয় যখন মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে ভোটারকে (১৮ বছর পূর্ণ হলে) আঙুলের ছাপ ও ছবি তোলার জন্যে ডেকে আনা হবে।

আজ বুধবার সকালে কুষ্টিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ওপর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও কুষ্টিয়া নির্বাচন কমিশন কার্যালয় এ সভার আয়োজন করে।

কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা নয়, পরিসংখ্যান কার্যালয় থেকে তথ্য নিয়ে ব্যক্তির বয়স নির্ধারণ করে তাঁকে ভোটার হতে ডাকা হবে।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রলয় চিসিমসহ সরকা​রি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা বক্তব্য দেন। বক্তারা ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারে সুবিধা ও অসুবিধা তুলে ধরেন। একই সঙ্গে কিছু পরামর্শও দেন।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা বলেন, স্কুল বন্ধ রেখে ভোটার তালিকা করা একটি সমস্যা। এ জন্য এলাকায় মাইকিংসহ জনসচেতনতা বৃদ্ধিতে সুস্পষ্ট পরিকল্পনা করা প্রয়োজন।

কমিশনার বলেন, নাম ভুল হতেই পারে, তবে রেজিস্ট্রেশনের দিন ভোটার নিজে দেখে তাঁর বায়োডাটা ঠিক করে নিতে পারেন।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, আদালত কর্তৃক ভারসাম্যহীন ঘোষিত ছাড়া যার বয়স আগামী ২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তিনি ভোটার হতে পারবেন।
তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার কাজ করা হচ্ছে। এ ব্যাপারে কেউ গাফিলতি দেখালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া প্রত্যেক ব্যক্তির উচিত নিজে সচেতন হয়ে ভোটার হওয়া।