রাজশাহী মহানগরে গত তিন মাসে পুলিশের ওপর ৪০ বার হামলা করেছে জামায়াত-শিবির। এতে পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন। কিন্তু এসব হামলা মোকাবিলায় পুলিশের কার্যকর ভূমিকা ছিল না।পুলিশ সূত্রই বলছে, মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে কর্মীদের সংগঠিত করছে জামায়াত-শিবির। পুলিশ সেই পরিকল্পনার কথা আগে জানতে না পারায় বারবার মার খাচ্ছে।মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজশাহী মহানগর ও এর আশপাশের শিবিরের কর্মীদের ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই। কখন, কোথায়, কারা হামলা চালাতে পারে, সে সম্পর্কে পুলিশ কোনো গোয়েন্দা তথ্যও পায় না।তবে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন, তার বেশি কঠোর হতে পারে না তারা।১ এপ্রিল নগরের শালবাগান এলাকায় জামায়াত-শিবিরের একটি দল পুলিশের উপপরিদর্শক (সশস্ত্র) জাহাঙ্গীর আলমের মাথা থেঁতলে দিয়েছে। তাঁর কাছ থেকে অস্ত্র ও ওয়াকিটকি কেড়ে নিয়েছে। ওই ঘটনায় দায়িত্বরত একাধিক পুলিশ সদস্য প্রথম আলোকে বলেন, এই হামলার ব্যাপারে আগে থেকে কিছুই জানতে পারেনি পুলিশ। হামলাকারীরা শালবাগান মোড়ে এসে ককটেলের বিস্ফোরণ ঘটালে বোয়ালিয়া থানার ১০ জনের একটি টহল দল নিয়ে জাহাঙ্গীর আলম প্রতিরোধ করতে গিয়ে আর টিকতে পারেননি। এমনকি তিনি যখন উপুড় হয়ে পড়ে ছিলেন, তাঁকে উদ্ধার করতেও পুলিশের কোনো সদস্য এগিয়ে যাননি।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ওই সময় ককটেল বিস্ফোরণের কারণে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। আর ‘রিকুইজিশন’ করা গাড়ির চালক গাড়ি রক্ষার জন্য পালিয়ে যান।মহানগর পুলিশ সূত্র জানায়, গত জানুয়ারি মাসের শুরু থেকে ১ এপ্রিল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ছোট-বড় প্রায় ৪০টি সংঘর্ষ হয়েছে। প্রায় সব ঘটনাতেই পুলিশ হামলার শিকার হয়েছে।গত ২৮ মার্চ নগরের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে ককটেল মারতে গিয়ে শিবিরের কর্মী আল আমিন ও মানিক ধরা পড়েন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা চারটি মুঠোফোন থেকে জানা যায়, শিবির তাদের নাশকতার পরিকল্পনা আগে থেকেই নিজেদের কর্মীদের কাছে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়।শহরের কয়েকটি নির্দিষ্ট এলাকা থেকে শিবিরের কর্মীরা এসে হামলা করে কোথায় চলে যান, পুলিশ তা জানতে পারে না। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান এ প্রসঙ্গে বলেন, ‘এখানে প্রচুর মানুষ। গায়ে গা লাগানো অবস্থা। হামলাকারী দ্রুত পোশাক পরিবর্তন করে মানুষের মধ্যে হারিয়ে যায়।’