খুদে বার্তায় কেন্দ্রের নাম জানা যাচ্ছে, আছে অভিযোগও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটাররা মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজের ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটারের ক্রমিকসংখ্যা জানতে পারছেন। কেউ কেউ অভিযোগ করেছেন তাঁরা খুদে বার্তা পাঠিয়েও সেবা পাচ্ছেন না বা খুদে বার্তা পাঠানোর বেশ কয়েক ঘণ্টা পর উত্তর পেয়েছেন।

তবে অনেকেই খুদে বার্তায় সহজেই ভোট কেন্দ্রের অবস্থান জানতে পারায় খুশি হয়েছেন। এ কারণে অনেককে আর ভোটকেন্দ্রের সামনে গিয়ে ভোটের ক্রমিক নম্বর জানার জন্য অপেক্ষা করতে হবে না। আজ সোমবার মোহাম্মদপুর এলাকার এক বাসিন্দা জানান, তিনি প্রায় নয় ঘণ্টা পর ফিরতি বার্তা পেয়েছেন। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি জানান, আজ দুপুরের আগে একবার বার্তা পাঠিয়ে কোনো উত্তর পাননি। তবে পৌনে ছয়টার দিকে আবার খুদে বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে ফিরতি বার্তা পান এবং ভোট কেন্দ্রের নাম ও ভোটারের ক্রমিক নম্বর জানতে পারেন।
কারওয়ানবাজার এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন জানান, তিনি খুদে বার্তা পাঠিয়ে নিমেষেই ইতিবাচক বার্তা পেয়েছেন।

সরকারের তথ্যবিবরণীতে বলা হয়, ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ১৭ ডিজিটের হলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। যাঁদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাঁদের মুঠোফোনের অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটের জন্মসাল লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তাঁদের মেসেজ অপশনে গিয়ে PC টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরম্যাটে জন্মতারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠাতে বলা হয়েছে।

খুদে বার্তা ছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd   ভিজিট করে ভোটকেন্দ্রের নাম জানা যাবে। এ ছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটাররা ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। ভোট দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই। যাঁরা নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাঁরাও ভোট দিতে পারবেন।