খুদে বার্তার কল্যাণে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিশুটি
মোবাইলে একটি খুদে বার্তা আসে সুনামগঞ্জের ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের কাছে। লেখা ছিল ‘...ধরমপাশার হাওর অঞ্চলে বিয়ে। কনে সম্ভবত ছাত্রী, ৮ম, বয়স ১৩। ভুয়া জন্ম সদন।...’ এরপরই উঠেপড়ে লাগেন তাঁরা। বিষয়টি ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হকের কানে যায়। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ নিয়ে এই বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। পরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে নবনির্বাচিত ইউপি সদস্য এ বিয়ে বন্ধ করেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর (১২) সঙ্গে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এক যুবকের (২৭) আজ বিয়ের আয়োজন করা হয়।
ওই ইউপি সদস্য বলেন, আজ বেলা দুইটার দিকে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বরযাত্রীদের জন্য মেয়ের বাড়িতে খাবারের আয়োজনও করা হয়। ট্রলার নিয়ে বরযাত্রী বাড়ি থেকে রওনা হয়। কিন্তু বাল্যবিবাহ বন্ধ করতে সবাই নজর রাখছেন—এটি জানাজানি হওয়ার পর পথ থেকে তারা বাড়ি ফিরে যায়। খবর পাওয়ামাত্রই বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কনের বাবা বলেন, ‘মেয়েডা সেভেনে পড়লেও দেখতে হুনতে বড় অইয়া গ্যাছে। বিয়ের বয়স অওয়ার লাইগ্যা সরহারি আইন আছে, এইডা আমার জানা আছিইন না।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, কলেজ গ্রুপের পরিচয়ে তাঁর মোবাইলে খুদে বার্তা আসে। সেই খুদে বার্তার মাধ্যমে বাল্যবিবাহের বিষয়টি জানেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি ইউএনওকে জানানো হয়।