খুদে বার্তায় পুলিশদের কাছে সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে পুলিশ সুপারদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। আজ রোববার সকালে খুদে বার্তায় ওই সতর্কবার্তা পাঠানো হয়।

আজ সকাল সাতটার দিকে নগরের জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জঙ্গিবিরোধী অভিযানে এসপির সক্রিয় ভূমিকার কারণে তাঁর স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। এই দম্পতির সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে আছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তা পাওয়ার কথা স্বীকার করেছেন কয়েকজন পুলিশ সুপার। তবে তাঁরা নাম প্রকাশ করতে চাননি। তাঁরা প্রথম আলোকে বলেন, সকাল আটটার পর পুলিশ সদর দপ্তর থেকে এই খুদে বার্তা পাঠানো হয়। খুদে বার্তায়, চট্টগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে সব ওসিকে আরও সতর্ক ও নজরদারি বাড়াতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন। তাঁরা পুলিশ সুপারদের ভয়কে জয় করে তাঁদের শক্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন। ওই কর্মকর্তা বলেন, পুলিশের মনোবল ভেঙে দিতে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। একজন পুলিশ সুপার বলেন, জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই তাঁরা এত দিন জঙ্গিদের ধরপাকড় করে আসছেন। কিন্তু জঙ্গিরা পুলিশের পরিবারকে বেছে নেবে, এমনটা তাঁরা ধারণা করতে পারেননি।