খুদে বিজ্ঞানীদের উৎসবমুখর কংগ্রেস

বৃষ্টিভেজা ছুটির দিনটি খুদে বিজ্ঞানী আর বিজ্ঞান অনুরাগীদের সমাবেশে আনন্দঘন হয়ে উঠেছিল জাতীয় বিজ্ঞান জাদুঘরের পরিবেশ। এখানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিএফএফ-এসপি এসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস’।
আগারগাঁওয়ে শুক্রবার সকালে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত এই কংগ্রেসের উদ্বোধন করেন বিশিষ্ট কণা পদার্থবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এম হারুন-অর রশীদ। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। আলোচনা করেন ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমিতির সহসভাপতি মুনির হাসান ও আহ্বায়ক ড. নূরুজ্জামান।
আয়োজকেরা জানান, এবার তৃতীয়বারের মতো এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী প্রতিভা বিকাশে অনুপ্রেরণা দিতেই এই কংগ্রেস আয়োজিত হচ্ছে। এবার কংগ্রেসে ছিল তিনটি বিভাগ। প্রদর্শনী বিভাগে সারা দেশের ১১১টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। এ ছাড়া এবারই নতুন দুটি বিভাগ বিজ্ঞানবিষয়ক নিবন্ধ এবং পোস্টার বিভাগ সংযোজিত হয়েছে। নিবন্ধ ছিল ৫৬টি এবং পোস্টার ৪০টি। সব মিলিয়ে এই কংগ্রেসে সারা দেশের বাছাই পর্ব উত্তীর্ণ ৪৫৬ জন খুদে বিজ্ঞানী অংশ নিয়েছে। এখান থেকে সেরা ৪০ জনকে নিয়ে আয়োজন করা হবে আবাসিক ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়াদের হাতে-কলমে বিজ্ঞানের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দেওয়া হবে।
উদ্বোধনী পর্বের পর শুরু হয় প্রদর্শনীর পালা। জাদুঘরের মিলনায়তনে শুরু হয় প্রবন্ধ উপস্থাপনা। নিচে ও তৃতীয় তলায় পোস্টার এবং প্রকল্প প্রদর্শনী।
আজ সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়।