
খুদে বিজ্ঞানীদের মজার মজার সব প্রশ্ন, কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন, গান, বক্তৃতা আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো সিটি ব্যাংক-প্রথম আলো জাতীয় বিজ্ঞান জয়োৎসবের।
শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে সিটি ব্যাংক ও প্রথম আলো চলতি বছর দেশের ১৫টি অঞ্চলে বিজ্ঞান জয়োৎসবের আয়োজন করে। এর মধ্যে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ৯৪২ জন শিক্ষার্থী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নেয়।
গতকাল সোমবার ছিল উৎসবের সমাপনী দিন। এ দিন বিভিন্ন শ্রেণির (ক্যাটাগরি) ৯৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে
প্রকল্প প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ৬৫ জন। আর কুইজে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।
প্রকল্প প্রতিযোগিতায় সেকেন্ডারি শ্রেণিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সৌমেন দাস, শেখ শাফিন আহমেদ ও সাদমান সাকিব এবং দিনাজপুর জিলা স্কুলের এ এস এম আনাস ও মেহেদী হাসান। সৌমেনরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে থ্রিডি প্রিন্টার নিয়ে। আনাস ও মেহেদী এসেছিল রসুনের ফেলে দেওয়া পাতা থেকে জৈবসার, কীটনাশক ও বায়োডিজেল তৈরির প্রকল্প নিয়ে। জুনিয়র শ্রেণিতে চ্যাম্পিয়ন কুষ্টিয়া জিলা স্কুলের নাকিবুস সিয়ামের প্রকল্পের নাম ছিল ওয়াটার ফিল্টার।
এদিকে কুইজ প্রতিযোগিতায় প্রাইমারি শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের শিক্ষার্থী রেহনুমা সিদ্দিকী। জুনিয়র শ্রেণিতে চ্যাম্পিয়ন খুলনা জিলা স্কুলের শেখ মোয়াজ ও সেকেন্ডারি শ্রেণিতে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ইরতিজা ইরাম।
উৎসবের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লা শামস বিন তারিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান, উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য বিজ্ঞানী রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জয়োৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, জ্যোতির্বিদ এফ আর সরকার এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
পুরস্কার বিতরণীর আগে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সারা দেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ কোটি। এর মধ্যে নিজেদের দক্ষতা ও মেধার প্রয়োগ ঘটিয়ে তোমরা প্রায় এক হাজার শিক্ষার্থী এই জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নিতে এসেছ। একটি বৈপ্লবিক ও গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তোমরাই আজকের অগ্রসেনানী।’
মন্ত্রী আরও বলেন, ‘নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এ জন্য সরকারি বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান জয়োৎসবের মতো নানা ধরনের বেসরকারি উদ্যোগ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখছে। কিছুদিন আগেও বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছিল। এসব উদ্যোগের ফলে সেই প্রবণতা অনেক কমে এসেছে। এটা বড় স্বস্তির বিষয়।’
বিজ্ঞানচর্চার সঙ্গে সঙ্গে একজন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে বিজ্ঞানকে মানুষের কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ‘বিজ্ঞান জয়োৎসবে সারা দেশ থেকে আমরা বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। এ ধরনের উৎসব আয়োজনের ক্ষেত্রে আমাদের সাহস জোগাবে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলো চায় নতুন প্রজন্ম বিজ্ঞানমনস্ক হয়ে উঠুক। তাদের বিজ্ঞানে আগ্রহী করে তুলতেই এই আয়োজন। প্রথম আলোর আরেক সহযোগী সম্পাদক আনিসুল হক বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার সঙ্গে সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের তাগিদ দেন।
বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসানের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীসহ দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও বিজ্ঞান শিক্ষকেরা এই পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
এর পরের পর্বে ছিল আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত উৎসবগুলো নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রদর্শন ও শিল্পী মাহমুদুজ্জামান বাবু এবং দিনাত জাহান মুন্নী ও তাঁর মেয়ে প্রেরণার গান।
উৎসবের একপর্যায়ে শুরুতে বিজ্ঞান জয়োৎসবের চেয়ারপারসনের দায়িত্ব পালনকারী প্রয়াত জ্যোতির্বিজ্ঞানী এ আর খানের স্মৃতির উদ্দেশে সবাই দাঁড়িয়ে আধা মিনিট নীরবতা পালন করেন। এ ছাড়া উৎসবে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের কিশোরী ফুটবলারদের নিয়ে নির্মিত তথ্যচিত্র অদম্য মেয়েরা প্রদর্শিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই মেয়েদের চাওয়া অনুসারে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের জন্য একটি আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।