খুদে বিজ্ঞানীদের প্রযুক্তির পসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে গতকাল শুরু হয়েছে ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা৷ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করে । ছবি: প্রথম আলো
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে গতকাল শুরু হয়েছে ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা৷ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করে । ছবি: প্রথম আলো

রেললাইনের স্লিপার খুলে ফেলার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পৌঁছে যাবে নিকটবর্তী স্টেশনে। কিংবা ব্যাংক ডাকাতি? ভল্টের কাছাকাছি গেলেই সংকেত চলে যাবে নির্দিষ্ট ব্যক্তির মুঠোফোনে৷ এ রকমই নানা প্রযুক্তির পসরা বসেছে ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়।
সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের ১৮০টি প্রকল্প নিয়ে শুরু হয়েছে ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা৷ গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
জয়পুরহাটের আবদুল্লাহ সাদমান সবেমাত্র দশম শ্রেিণর শিক্ষার্থী। গত বছর নির্বাচন-পূর্ববর্তী সময়ে রেললাইনে নাশকতায় আক্রান্ত হওয়ার ঘটনাগুলো দাগ কেটেছে তার মনে। সে ভাবনা থেকেই সাদমান তৈরি করেছে স্লিপার খুলে ফেলার সঙ্গে সঙ্গে সংকেত পৌঁছে দেওয়ার প্রযুক্তি।
সিলেটের খুদে বিজ্ঞানী অর্ণব কান্তি সিংহ তৈরি করেছে ওয়াটার ড্রোন৷ মনুষ্যবিহীন তার এ নৌকার মাধ্যমে জল ও আকাশপথ দুটিই পর্যবেক্ষণ করা যাবে। ব্লু-বার্ড স্কুলের শিক্ষার্থী অর্ণব বলছিল, এ ধরনের প্রযুক্তির মাধ্যমে বিমান হারানোর মতো ঘটনাও এড়ানো সম্ভব।
এ ছাড়া ভবিষ্যৎ বিজ্ঞানীরা তৈরি করেছে তাপবিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, স্বল্প খরচে ডিএনএ নির্ধারণ পদ্ধতি, সড়ক ও সেতু সুরক্ষা ব্যবস্থা, অটো রেলগেট, কম্পনের মাধ্যমে কীটপতঙ্গ দমন, অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক, বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস যন্ত্রসহ আরও অনেক কিছুই।
প্রতিবছর জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তিনটি শ্রেিণতে (জ্যেষ্ঠ, কনিষ্ঠ, বিশেষ) প্রথম স্থান অধিকারীরা জাতীয় এ মেলায় অংশ নেওয়ার সুযোগ পায়।
প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণেরাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে৷ আমাদের সৌভাগ্য যে আমাদের ৬০ শতাংশ জনগণই তরুণ প্রজন্ম, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারাই যথেষ্ট।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান।
আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে৷ আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।