খুদে বিজ্ঞানীদের প্রাণবন্ত উৎসব

ফেলে দেওয়া রসুনের পাতা থেকে সার, কীটনাশক ও জ্বালানি উৎপাদন, বট ও বিভিন্ন গাছের পাতা থেকে লুব্রিকেন্ট অয়েল তৈরিসহ নানা প্রকল্প উপস্থাপন করল খুদে বিজ্ঞানীরা। সঙ্গে ছিল কুইজ প্রতিযোগিতা, সেমিনার আর আলোচনা—সব মিলিয়ে গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে এক বিজ্ঞান জয়োৎসব হয়ে গেল রংপুরে।
এই বিজ্ঞান জয়োৎসবের মধ্য দিয়ে সিটি ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসবের যাত্রাও শুরু হলো। সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো এ জয়োৎসব আয়োজন করে। সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা।
আজ কুষ্টিয়ায় কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে বিজ্ঞান জয়োৎসব অনুষ্ঠিত হবে। পরে রাজশাহী, বগুড়া, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরে বিজ্ঞান জয়োৎসব হবে।
রংপুরে গতকাল সকাল নয়টায় জিলা পরিষদ কমিউনিটি সেন্টারের সামনে বেলুন ওড়ানো হয়। এরপর কমিউনিটি সেন্টার মিলনায়তনে বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশনের পর বিজ্ঞান জয়োৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। তিনি বলেন, ‘প্রথম আলো খবরের পাশাপাশি অনেক কাজ করে চলেছে, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে। বিজ্ঞানমনস্ক মানুষ গড়া, গণিতবিদ ও ভাষাবিদ তৈরির চেষ্টায় পত্রিকাটির ভূমিকা রয়েছে। বিজ্ঞান জয়োৎসবের যাত্রা শুরু হলো এই রংপুর থেকে। এ জন্য সিটি ব্যাংক ও প্রথম আলোকে অনেক ধন্যবাদ।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক এই তিনটি বিভাগে আড়াই শ শিক্ষার্থী আধঘণ্টার কুইজ পরীক্ষায় অংশ নেয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক ঘণ্টার সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক রেজাউল করিম। একই সঙ্গে মিলনায়তনের অন্য একটি কক্ষে ৩১টি প্রকল্প উপস্থাপন করা হয়। প্রকল্পগুলো উপস্থাপন করে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা আড়াইটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। তিনি বলেন, ‘প্রকল্পগুলো দেখে অভিভূত হয়েছি। তোমরাই হবে ভবিষ্যতের বিজ্ঞানী।’ সিটি ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, ‘সুন্দর আগামী নির্মাণের জন্য এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা গর্বিত।’
এ ছাড়া বক্তব্য দেন সিটি ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক কাজী আরিফ হোসেন, জয়োৎসবের প্রকল্প বিচারক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক বকুল কুমার, রসায়ন বিভাগের শিক্ষক হারুন আল রশিদ, টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক রেজাউল করিম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান। ৩১টি প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। একটি প্রকল্পে একজন শিক্ষার্থী ও বাকি ১১টি প্রকল্পের প্রতিটিতে তিনজন করে মোট ৩৪ জনকে পদক ও সনদ দেওয়া হয়। এ ছাড়াও ৩০ জন কুইজ বিজয়ীকেও পদক ও সনদ দেওয়া হয়।
প্রকল্প বিজয়ী ও কুইজ বিজয়ী ৬৪ জন শিক্ষার্থী ঢাকায় জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশগ্রহণ করবে।