খুদে বিজ্ঞানীদের মজার সব উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে ঘরের চুলা জ্বালানো ও সালফিউরিক অ্যাসিড তৈরি থেকে শুরু করে লোনা পানিকে বিশুদ্ধ ও মিষ্টি পানিতে রূপান্তরিত করার নানা কৌশল দেখাল খুদে বিজ্ঞানীরা। পাশাপাশি উপস্থাপন করল বিদ্যুৎ-সাশ্রয়ী বিভিন্ন কৌশলও।
৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দেশের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় উপস্থাপন করে খুদে বিজ্ঞানীরা। খুলনার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ মেলায় তাদের এসব ভাবনা তুলে ধরে। মেলায় আরও ছিল বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা।
‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ স্লোগান সামনে রেখে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলার গতকাল মঙ্গলবার ছিল শেষ দিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক গুলশান আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।
প্রকল্প উপস্থাপনে জুনিয়র বিভাগে প্রথম হয়েছে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, দ্বিতীয় হয়েছে খুলনা জিলা স্কুল ও তৃতীয় হয়েছে খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়।
জ্যেষ্ঠ বিভাগে প্রথম ও তৃতীয় হয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ আর দ্বিতীয় হয়েছে খুলনা পাবলিক কলেজ। বিশেষ বিভাগে প্রথম হয়েছে নিউটন বিজ্ঞান ক্লাব ও দ্বিতীয় হয়েছে নিউ খুলনা বিজ্ঞান ক্লাব।