খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে গতকাল থেকে শুরু হওয়া বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখছেন দর্শনার্থীরা l প্রথম আলো
রাজধানীর ধানমন্ডিতে গতকাল থেকে শুরু হওয়া বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখছেন দর্শনার্থীরা l প্রথম আলো

রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীর প্রকল্পের নাম ‘সেভ সুন্দরবন’। এর মাধ্যমে তারা দুর্ঘটনায় সুন্দরবনের ভেতরে ছড়িয়ে পড়া তেল অপসারণ করতে চায় সুলভে এবং অল্প সময়ে।
এই তিনজনের মতো আরও অনেক স্কুল-কলেজ পড়ুয়া নবীন এবং স্বশিক্ষিত বিজ্ঞানীদের তৈরি প্রকল্প (বিজ্ঞান প্রজেক্ট) নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০১৫। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত মেলাটি হচ্ছে পরিষদের রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত প্রাঙ্গণে।
কয়েকজনের প্রকল্পে দেখা গেল ভবিষ্যতে দেশের বিদ্যুৎচাহিদা মেটানোর বিকল্প উপায় খোঁজার চেষ্টা। মোম দিয়ে বিদ্যুৎ উৎপাদন, হাঁটা-চলা থেকে বিদ্যুৎ উৎপাদন, সাগরের ঢেউ থেকে শক্তি উৎপাদন, পরিত্যক্ত বাল্বের পুনর্ব্যবহার, আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন নামের প্রকল্পগুলোতে দেশের ভবিষ্যৎ নিয়ে নবীন বিজ্ঞানীদের ভাবনাই ফুটে উঠছে। সারা দেশে চলা অবরোধের মধ্যেও গাইবান্ধার বিরাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মেলায় অংশ নিতে এসেছে জুলফিকার মাহমুদ ও তার দুই বন্ধু। জুলফিকার বলল, ‘এত বড় মেলায় অংশ নেব। তাই অনেক কষ্ট করে, কয়েকবার গাড়ি বদল করে এসেছি। আমাদের প্রকল্পের মাধ্যমে সৌরশক্তির সাহায্যে পানিকে রূপান্তর করা যাবে জ্বালানিতে।’
এসব প্রকল্প ছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধীদের হাঁটার সুবিধার্থে বানানো ‘স্মার্ট কন্ট্রোলার গ্লাস’, রান্নাঘরের অব্যবহার্য পানি পুনর্ব্যবহার প্রক্রিয়া, পানিতে চাষাবাদের ‘হাইড্রোপোনিকস’ পদ্ধতি, স্বল্প ব্যয়ে ও পরিত্যক্ত জিনিসের পুনর্ব্যবহার করে বাদ্যযন্ত্র তৈরির মতো প্রকল্পগুলোতে ছিল একেকজন ভবিষ্যৎ বিজ্ঞানীর ছাপ।
মেলা প্রাঙ্গণে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে চলছে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। ত্রিভুজের মজা, সিনেমাস্কোপ, দৃষ্টি জড়তা (পাখি ও খাঁচা), নিউটনের বর্ণচক্র, ভাসমান বলের মতো বিজ্ঞানের নানা সূত্রের সহজ ব্যাখ্যা দেখে অভিভূত খুদে দর্শনার্থীরা। দশম ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া দুই মেয়েকে নিয়ে মেলায় এসেছেন ফাতেমা আকতার। জানালেন, বড় মেয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে। আর ছোট মেয়েকে নিয়ে এসেছেন যাতে ঘুরে দেখে, পরের বছর নিজেও অংশ নিতে পারে।
গতকাল সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। মেলা চলবে আজ ও কাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।