খুদে বিজ্ঞানীদের মিলনমেলা ভাঙল

লাইট জ্বালালে পোকা আসে কিন্তু সূর্যের দিকে পোকা যায় না কেন, মশা নিধনে ড্রেনে গাপ্পি মাছের চাষ করলে কেমন হয়, যদি একটা ব্ল্যাকহোল আরেকটিকে গ্রাস করে তা হলে পাশাপাশি তিনটি সম ক্ষমতাসম্পন্ন ব্ল্যাকহোল থাকলে কী হবে—খুদে বিজ্ঞানীদের এমন সব মজার প্রশ্নের উত্তর, কুইজ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো সিটি ব্যাংক-প্রথম আলো জাতীয় বিজ্ঞান জয়োৎসব।
শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে ও বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে সিটি ব্যাংক ও প্রথম আলো এ বছর দেশের ১৫টি অঞ্চলে বিজ্ঞান জয়োৎসবের আয়োজন করে। এর মধ্যে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ৯৪২ জন শিক্ষার্থী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নেয়।
আজ সোমবার ছিল উৎসবের সমাপনী দিন। এ দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণির (ক্যাটাগরি) ৯৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রকল্প প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ৬৫ জন। আর কুইজে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।
প্রকল্প প্রতিযোগিতায় সেকেন্ডারি শ্রেণিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সৌমেন দাস, শেখ শাফিন আহমেদ ও সাদমান সাকিব এবং দিনাজপুর জিলা স্কুলের এ এস এম আনাস ও মেহেদী হাসান। সৌমেনরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে থ্রিডি প্রিন্টার নিয়ে। আনাস ও মেহেদী এসেছিল রসুনের ফেলে দেওয়া পাতা থেকে জৈব সার, কীটনাশক ও বায়োডিজেল তৈরির প্রকল্প নিয়ে। জুনিয়র শ্রেণিতে চ্যাম্পিয়ন কুষ্টিয়া জিলা স্কুলের নাকিবুস সিয়ামের প্রকল্পের নাম ছিল ওয়াটার ফিল্টার।
এদিকে কুইজ প্রতিযোগিতায় প্রাইমারি শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের শিক্ষার্থী রেহনুমা সিদ্দিকী অর্চি। জুনিয়র শ্রেণিতে চ্যাম্পিয়ন খুলনা জিলা স্কুলের শেখ মোয়াজ ও সেকেন্ডারি শ্রেণিতে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ইরতিজা ইরাম।
সমাপনী দিনের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সারা দেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ কোটি। এর মধ্যে নিজেদের দক্ষতা ও মেধার প্রয়োগ ঘটিয়ে তোমরা প্রায় এক হাজার জন এই জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নিতে এসেছ। একটি বৈপ্লবিক ও গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তোমরাই আজকের অগ্রসেনানী।’
মন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এ জন্য সরকারি বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান জয়োৎসবের মতো নানা ধরনের বেসরকারি উদ্যোগ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহায়ক ভূমিকা রাখছে। কিছুদিন আগেও বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছিল। এসব উদ্যোগের ফলে সেই প্রবণতা এখন অনেক কমে এসেছে। এটা বড় স্বস্তির বিষয়।
বিজ্ঞান জয়োৎসবের পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, খুদে বিজ্ঞানীদের উৎসাহ জোগাতে ভবিষ্যতেও সিটি ব্যাংক এই আয়োজনের সঙ্গে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, আনিসুল হক, সিটি ব্যাংকের প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের প্রধান জহিরুল ইসলাম ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমুখ।
তবে বিজ্ঞানচর্চার সঙ্গে সঙ্গে একজন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে বিজ্ঞানকে মানুষের কাজের লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।