খুদে বিতার্কিকদের বিতর্কে মুগ্ধ দর্শক-শ্রোতা
দুর্গাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছুমাইয়া আক্তার দৃঢ়তার সঙ্গে বলে ওঠে, ‘আমরা চ্যাম্পিয়ন হবই।’ হয়েছেও তা-ই। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ছুমাইয়ার প্রতিষ্ঠান। দশমিক ৫ ব্যবধানে সেরা বক্তা হতে পারেনি ছুমাইয়া। সেটাই তার আক্ষেপ। বিতর্কের চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে সেই কষ্টের কথা বলছিল ছুমাইয়া।
গতকাল সোমবার দুপুর ১২টায় বাকেরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীর পাড়ে ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তবিদ্যালয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয়ে এমন দৃঢ়তার কথা জানায় ছুমাইয়া আক্তার।
ওই বিতর্কের আয়োজন করে নদীভাঙন প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান নদীভাঙন রোধ পরিষদ। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নান্দনিক বিতর্ক উপস্থাপনায় মুগ্ধ হয় অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত নদীভাঙন রোধ পরিষদ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম।
ডিজিএল স্কুল থেকে মাধ্যমিক পাস করা সাত শিক্ষার্থীর উদ্যোগে গঠিত হয়েছে নদীভাঙন প্রতিরোধে সংগঠন ‘নদীভাঙন রোধ পরিষদ’। পেছনে থেকে উৎসাহ জোগাচ্ছেন তিতাস গ্যাসে কাজ করা আরেক উদ্যোক্তা শংকর চন্দ্র দাস। এই শিক্ষার্থীরা তাদের শিক্ষা খরচের টাকা বাঁচিয়ে গড়ে তুলেছে এই সংগঠন। এর সঙ্গে একটি পাঠাগার এবং চরের শিক্ষার্থীদের জন্য পাঠশালা। এখন তারা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিতর্কের সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আগে উদ্বোধন করা হয় স্কুলভিত্তিক বিতর্কের সংগঠন ডিবেটিং ক্লাব।
‘নদীভাঙনে পুনর্বাসন নয়, একমাত্র নদীভাঙন প্রতিরোধের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সম্ভব’, এই বিষয়ে বিতর্ক করতে গিয়ে শিক্ষার্থীরা তুলে ধরে নদীভাঙনের ভয়াবহতার কথা। তারা বলে, কেবল নদীভাঙনকবলিত মানুষের পুনর্বাসন করে এর স্থায়ী সমাধান দেওয়া সম্ভব নয়। এর মাধ্যমে দিন দিন উদ্বাস্তুর সংখ্যা বাড়বে। যার চাপ পড়বে জাতীয় অর্থনীতিতে। পুনর্বাসনে যত অর্থ ব্যয় হবে, তার অর্ধেক অর্থ দিয়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব। বিতর্ক প্রতিযোগিতায় দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে ছুমাইয়া আক্তার, আফরোজা আক্তার ও খাদিজা আক্তার এবং ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে মোয়াজ্জেম হোসেন, সাবিনা আক্তার ও তাসমিয়া জামান অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা হয় মোয়াজ্জেম হোসেন।
জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মিত্রর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজশিক্ষক আবদুর রহমান, উম্মে তাহেরা, সুদেব হালদার, দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী খান, নদীভাঙন রোধ পরিষদের সভাপতি ইমরান মৃধা, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস প্রমুখ।