খুদে ভাষাবিদদের মিলনমেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মঞ্চে ময়মনসিংহ অঞ্চলের বিজয়ীরা
এক মঞ্চে ময়মনসিংহ অঞ্চলের বিজয়ীরা

বৃষ্টি হবে নাকি প্রতিদিনের মতো উত্তাপ ছড়াবে প্রখর রোদ—এ নিয়ে একটা আলোচনা ছিল। কিন্তু ২৫ এপ্রিল সকালে বৃষ্টি-রোদ নিয়ে ভাবার সময় কারও হয়নি। কারণ, খুদে শিক্ষার্থীরা সেদিন ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের মাঠে জড়ো হয়েছিল সূর্য উত্তাপ ছড়ানোর আগেই। সাড়ে সাতটায় খোলা হয় স্কুলের মূল ফটক। বাহারি রঙের বেলুন উড়িয়ে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান মিয়া।

কত প্রশ্ন মাথায় ঘোরে
কত প্রশ্ন মাথায় ঘোরে

সকাল সোয়া নয়টা বাজতেই বদলে যায় স্কুলমাঠের চেহারা। বিশালাকার প্যান্ডেল আর এক হাজার চেয়ার শূন্যতায় খাঁ খাঁ করছে। কারণ, স্কুলের ২২টি কক্ষে তখন প্রতিযোগী শিক্ষার্থীরা অংশ নিয়েছে ভাষার পরীক্ষায়। কয়েকটি কক্ষে ঢুকে দেখা গেল পিনপতন নীরবতা। খুদে ভাষাবিদদের পুরো মনোযোগ তখন পরীক্ষার খাতায়। কে আসছে, কে যাচ্ছে—তা দেখার ফুরসত নেই তাদের।
পরীক্ষা শেষ হয় ১০টায়। চোখের পলক ফেলার মতো দ্রুততায় পূর্ণ হয়ে গেলে এতক্ষণ শূন্যতায় খাঁ খাঁ করা এক হাজার চেয়ার। মঞ্চে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, তারিক মনজুর, সৌরভ সিকদার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুব বোরহান, তারানা নূপুর, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের সাবেক শিক্ষক মনোয়ারা বেগম ও একই স্কুলের বাংলার শিক্ষক হুসনে আরা। শিক্ষার্থীরা বাংলা ভাষার উৎপত্তি, প্রবহমানতা, ব্যবহার, বর্তমান প্রজন্মের অনেকের বিদেশি ভাষার প্রতি অতিরিক্ত টান, বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে নানা বুদ্ধিদীপ্ত ও মজার মজার প্রশ্ন করে জিতে নিল অনেক অনেক বই। গান গেয়ে এক হাজার শিক্ষার্থীকে মাতাল ময়মনসিংহ বন্ধুসভার দুই বন্ধু মীরাজ ও সরণ।
প্রশ্নোত্তর ও গানের পর্ব শেষে উত্তেজনায় পেয়ে বসে শিক্ষার্থীদের। কারণ, ততক্ষণে তাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে মঞ্চে এসে হাজির বন্ধুসভার বন্ধুরা। চারটি শাখায় মোট ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। শেষ হয় খুদে ভাষাবিদদের সঙ্গে দেশের প্রথিতযশা ভাষাবিদদের মিলনমেলা।
শুভাশীষ শুভ