খুদে শিক্ষার্থীদের কণ্ঠে গণিত জয়ের আত্মবিশ্বাস

‘গণিতে আমার ভয় নাই। গণিত জয়ের যুদ্ধে অংশ নিয়ে জীবনে এগিয়ে যেতে চাই’—ভীষণ আত্মবিশ্বাসী কণ্ঠে কথাগুলো বলল শরীয়তপুর এসডিএস একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল নাহিম সরকার। শরীয়তপুরে আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী ৪০ শিক্ষার্থীর সে একজন।
শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। সকাল নয়টায় প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রানী বিশ্বাস বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক এবং বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। উৎসবে যোগ দেয় ৩৫টি বিদ্যালয়ের ৫৩৩ জন শিক্ষার্থী।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের শিক্ষার্থীদের গণিত-ভীতি আছে। এই ভীতি কাটাতে প্রথম আলোর মতো সবার এগিয়ে আসা প্রয়োজন। এ বিষয়ে দক্ষতা বাড়াতে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে।’
সুচিত্রা রানী বিশ্বাস বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি দেখে মনে হচ্ছে, আমাদের শিশুদের গণিতে কোনো ভীতি নেই।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক চিরবালা, রণজিৎ দত্ত এবং পালংতুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিজয় পাল। বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন এবং প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু জাকির হোসেন আরিফ ও ফাহমিদা মনি। শেষে শরীয়তপুর বন্ধুসভার বন্ধুদের নাচ ও গানে মেতে ওঠেন সবাই।
বন্ধুতা পর্বে শিক্ষার্থীরা অতিথি ও শিক্ষকদের নানা ধরনের প্রশ্ন করে। সদর উপজেলার আংগারিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রায়হান সাজ্জাদ প্রশ্ন করে, প্রথম কোন গণিতবিদ অঙ্কের মধ্যে দশমিকের ব্যবহার করেন? পালংতুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তমাল জানতে চায়, খ্রিষ্টাব্দ কীভাবে শুরু হয়? শিক্ষার্থীরা এমন আরও বেশ কিছু কৌতূহলোদ্দীপক প্রশ্ন করে শিক্ষক ও অতিথিদের উদ্দেশে। শিক্ষকেরা যখন সেসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করছিল।